‘বিশ্বকাপে থাকলে হয়তো আমিও ভালো করতাম’


প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৫ এপ্রিল ২০১৬

বিশ্বকাপ শেষ হয়ে গেলেও এখনো তার রেশ রয়েই গেছে। বিশ্বকাপে লেগ স্পিনারদের বিদ্ধংসী ফর্ম থেকে কিছুটা আক্ষেপ করেছেন বাংলাদেশের লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। ২০ বছর বয়সী এই লেগ স্পিনার খেলেননি বিশ্বকাপে।

দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিক পত্রিকাকে আক্ষেপের কন্ঠে জুবায়ের বলেন, ‘বিশ্বকাপে লেগ স্পিনারদের দারুণ বোলিং দেখে মনে হয়েছে, খেললে হয়তো আমিও ভালো করতে পারতাম।’
 
২০১৪ সালের নভেম্বর মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে নাম লেখান জুবায়ের। মাত্র ছয় টেস্ট খেলা জুবায়েরের উকেট সংখ্যা ১৬টি। ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন মাত্র একবার। ওয়ানডেও খেলেছেন তিনটি যেখানে উইকেট সংখ্যা চার। গতবছর জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি খেললেও দুই ওভার বল করে নিয়েছিলেন দুইটি উইকেট।

লেগ স্পিনারদের বোলিংয়ে থাকতে হয় নানা রকম বৈচিত্র্য। তবে টি-টোয়েন্টি লেগিদের উইকেট পাওয়া অনেক সহজ বলে মনে করেন জুবায়ের। ‘লেগ স্পিনারদের হাতে গুগলি, ফ্লিপারসহ নানা বিকল্প থাকে। টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানরা রান তুলতে অনেক তাড়াহুড়া করে। এতে লেগ স্পিনারদের উইকেট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।’

বিশ্বকাপে না খেললেও অলস সময় পার করেননি জুবায়ের। স্পিন কোচ রুয়ান কালপাগের অধীনে নতুন করে কাজ শুরু করেছেন তিনি, ‘কিছুদিন রুয়ানের (কালপাগে) সঙ্গে অ্যাকশন নিয়ে কাজ করছি। অ্যাকুরেসি বাড়ানোর চেষ্টা করছি। ঘাটতিগুলো ঠিক করার চেষ্টা করছি।’

তবে মাশরাফির অনুপ্রেরণাতেই যে এখনও শক্ত অবস্থায় রয়েছেন জুবায়ের। মাশরাফি তার দলের ক্রিকেটারদের আগলে রাখতে অনেক ভালোবাসেন। জুবায়েরও এর ব্যতিক্রম নয়। জুবায়ের বলেন, ‘মাশরাফি ভাই বলেছেন, সামনে আরও সময় আছে। যেখানেই খেলিস, ভালো করার চেষ্টা করবি। আমি তো মনে করি, আমাদের দলে মুস্তাফিজের পর তোরই সবচেয়ে ভালো বোলার হওয়ার সম্ভাবনা। কথাটা শুনে ভীষণ অনুপ্রাণিত হয়েছি।’

আরআর/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।