লুকিয়ে কেউ আপনার মেসেজ পড়ছে কি না জানাবে হোয়াটসঅ্যাপ নিজেই
হোয়াটসঅ্যাপ তাদের ইউজারদের নিরাপত্তা আরও শক্তিশালী করতে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে, যার মাধ্যমে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত সব ডিভাইসের কার্যক্রম সহজেই ট্র্যাক করা যাবে। ফলে এখন থেকে বোঝা আরও সহজ হবে-আপনার হোয়াটসঅ্যাপ কোন কোন ডিভাইসে এবং কখন ব্যবহার করা হচ্ছে।
বর্তমানে হোয়াটসঅ্যাপে লিংকড ডিভাইস অপশন থাকলেও এটি ব্যবহারকারীদের নিজে থেকেই বারবার চেক করতে হয়। ফলে অনেক সময় কোনো অচেনা ডিভাইস যুক্ত থাকলেও তা নজরে আসে না। নতুন আপডেটে এই সমস্যার সমাধান আনা হচ্ছে।
নতুন সিস্টেমে রিয়েল-টাইম অ্যাক্টিভিটি ট্র্যাকিং সুবিধা থাকবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট একই সময়ে অন্য কোনো ডিভাইসে ব্যবহার হলে সঙ্গে সঙ্গে আপনি তা জানতে পারবেন। এতে অননুমোদিত অ্যাক্সেস দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।
এছাড়া নতুন একটি নোটিফিকেশন বা অ্যালার্ট সিস্টেমও যুক্ত করা হচ্ছে। ফোন ছাড়া অন্য কোনো ডিভাইসে হোয়াটসঅ্যাপ সক্রিয় হলে সঙ্গে সঙ্গে ব্যবহারকারী সতর্কবার্তা পাবেন। এই অ্যালার্ট বিশেষভাবে তৈরি করা হচ্ছে সন্দেহজনক বা অননুমোদিত লগইন শনাক্ত করার জন্য, যাতে ব্যবহারকারী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন যেমন অপরিচিত ডিভাইস থেকে লগআউট করা।
এই সিস্টেম অপ্রয়োজনীয় নোটিফিকেশন পাঠাবে না। শুধু একাধিক ডিভাইসে একসঙ্গে অ্যাক্টিভিট হলে বা সন্দেহজনক পরিস্থিতিতে ব্যবহারকারীকে সতর্ক করা হবে।
বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে, যা হোয়াটসঅ্যাপের সিকিউরিটি আরও শক্তিশালী করবে।
- আরও পড়ুন
হোয়াটসঅ্যাপের মেসেজ ব্যাকআপ রাখা যাবে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে
হোয়াটসঅ্যাপের সব চ্যাট পড়তে হবে না, সামারি জানাবে অ্যাপ
কেএসকে