ছবি না থাকলেও এবার দেখা যাবে হোয়াটসঅ্যাপের ডিসপ্লে পিকচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০:৫১ এএম, ০৫ এপ্রিল ২০২৬
হোয়াটসঅ্যাপে ডিপি না থাকলেও তার একটি ছবি ব্যবহারকারীরা দেখতে পারবেন

ব্যক্তিগত চ্যাট থেকে শুরু করে অফিসের কাজ সব ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপ নিয়মিত ব্যবহার করছেন কোটি কোটি মানুষ। তবে অনেক ব্যবহারকারী আছেন যারা প্রোফাইলের ডিসপ্লে পিকচার বা ডিপি ফাঁকা রাখেন। এতে নতুন করে কারো কাছ থেকে মেসেজ এলে অনেক সময় বোঝা কঠিন হয়ে পড়ে, ঠিক কে বার্তা পাঠিয়েছেন। এমনকি চ্যাট করার সময়ও প্রোফাইল ছবি না থাকলে অনেকের কাছে বিষয়টি কিছুটা অস্বস্তিকর মনে হয়।

এই সমস্যার সমাধান করতে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে মেটা প্ল্যাটফর্মসের মালিকানাধীন এই মেসেজিং অ্যাপ। নতুন এই ব্যবস্থায় কারো হোয়াটসঅ্যাপে ডিপি না থাকলেও তার একটি ছবি ব্যবহারকারীরা দেখতে পারবেন।

কীভাবে কাজ করবে নতুন ফিচার

নতুন ফিচার অনুযায়ী, যদি কোনো ব্যবহারকারী তার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ছবি না রাখেন, তাহলে সেই ব্যক্তির কন্টাক্টে সংরক্ষিত ছবিটি স্বয়ংক্রিয়ভাবে দেখাতে পারে অ্যাপটি। সাধারণত স্মার্টফোনে সংরক্ষিত নম্বরগুলো অনেক সময় ই-মেইল অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকে। বিশেষ করে জি-মেইল অ্যাকাউন্টের মাধ্যমে কন্টাক্ট তালিকায় অনেকের প্রোফাইল ছবি সংরক্ষিত থাকে। সেই ছবিকেই বিকল্প হিসেবে দেখানোর পরিকল্পনা করছে হোয়াটসঅ্যাপ।

গোপনীয়তা নিয়ে কী বলছে সংস্থা

নতুন ফিচার নিয়ে অনেকের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে এতে কি ব্যক্তিগত গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হবে? সংস্থার দাবি, ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়টি বিবেচনায় রেখেই এই ফিচার তৈরি করা হচ্ছে। তাই তথ্য ফাঁস বা ডাটা চুরির আশঙ্কা নেই বলেই জানানো হয়েছে।

এখনই কি ব্যবহার করা যাবে

বর্তমানে এই ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। অর্থাৎ সীমিত সংখ্যক ব্যবহারকারীর ওপর এটি পরীক্ষা করা হচ্ছে। ভবিষ্যতে ধাপে ধাপে সব ব্যবহারকারীর জন্য এটি চালু করা হতে পারে।

তবে একটি বিষয় মনে রাখা জরুরি যদি কেউ আপনাকে ব্লক করে রাখেন, তাহলে এই নতুন ফিচার কাজ করবে না। সে ক্ষেত্রে আগের মতোই তার প্রোফাইল তথ্য দেখা যাবে না।

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।