লাখ লাখ ব্যবহারকারীর অ্যাকাউন্ট ডিলিট করলো ইনস্টাগ্রাম

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৯ এএম, ০৯ মে ২০২৬
লাখ লাখ সন্দেহজনক অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে প্ল্যাটফর্মটি

সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম এবার ভুয়া ও নিষ্ক্রিয় অ্যাকাউন্টের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। ২০২৬ সালে শুরু হওয়া এই বিশেষ অভিযানে লাখ লাখ সন্দেহজনক অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে প্ল্যাটফর্মটি। এর সরাসরি প্রভাব পড়েছে বিশ্বজুড়ে পরিচিত সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার ও বড় ব্র্যান্ডগুলোর ফলোয়ার সংখ্যার উপর।

সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মার্কিন তারকা কাইলি জেনার-এর নাম। এই অভিযানের পর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রায় ১ কোটি ৪০ লাখ ফলোয়ার কমে গেছে বলে জানা গেছে। শুধু কাইলিই নন, আরও বহু জনপ্রিয় ব্যক্তিত্বের অ্যাকাউন্টেও হঠাৎ বড় সংখ্যায় ফলোয়ার কমে যাওয়ার ঘটনা সামনে এসেছে।

বিশেষজ্ঞদের মতে, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বট অ্যাকাউন্ট এবং ভুয়া প্রোফাইলের সংখ্যাও দ্রুত বেড়েছে। অনেক ক্ষেত্রেই কৃত্রিমভাবে ফলোয়ার, লাইক ও কমেন্ট বাড়ানোর জন্য স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। এর ফলে প্রকৃত এনগেজমেন্ট বোঝা কঠিন হয়ে পড়ে এবং প্ল্যাটফর্মের বিশ্বাসযোগ্যতাও ক্ষতিগ্রস্ত হয়।

এই পরিস্থিতি সামাল দিতেই ইনস্টাগ্রাম বড় আকারে অ্যাকাউন্ট যাচাই ও অপসারণ প্রক্রিয়া শুরু করেছে। সংস্থার মূল লক্ষ্য হলো প্ল্যাটফর্মকে আরও বাস্তব ও স্বচ্ছ করে তোলা, যাতে ব্যবহারকারীরা প্রকৃত মানুষের সঙ্গে যুক্ত হতে পারেন।

এই পদক্ষেপের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন, এটি সোশ্যাল মিডিয়াকে আরও বিশ্বাসযোগ্য করে তুলবে। আবার অনেকের মতে, হঠাৎ করে ফলোয়ার কমে যাওয়ায় কিছু ইনফ্লুয়েন্সার ও ব্র্যান্ডের ভাবমূর্তিতে প্রভাব পড়তে পারে।

মেটার এক মুখপাত্র জানিয়েছেন, ভুয়ো ও নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া ইনস্টাগ্রামের নিয়মিত প্রক্রিয়ার অংশ। এতে সাধারণ সক্রিয় ব্যবহারকারীদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি কোনো ভেরিফায়েড অ্যাকাউন্ট ভুলবশত ক্ষতিগ্রস্ত হয়, তবে তা পরে পুনরুদ্ধার করা সম্ভব।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কৃত্রিম এনগেজমেন্ট কমাতে এ ধরনের অভিযান আরও বাড়তে পারে। কারণ এখন শুধু ফলোয়ার সংখ্যা নয়, বাস্তব ব্যবহারকারীর অংশগ্রহণকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।