শিশু সুরক্ষায় ব্যর্থতা, বড় অঙ্কের জরিমানার মুখে মেটা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৯:০৭ এএম, ০১ মে ২০২৬
মেটা প্ল্যাটফর্মের বিরুদ্ধে বড় ধরনের জরিমানার পথে এগোচ্ছে ইউরোপীয় কমিশন

শিশুদের সুরক্ষায় যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মের বিরুদ্ধে বড় ধরনের জরিমানার পথে এগোচ্ছে ইউরোপীয় কমিশন।

ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) লঙ্ঘনের প্রাথমিক তদন্তে ইউরোপিয়ান কমিশন জানিয়েছে ইনস্টাগ্রাম ও ফেসবুক নাবালকদের ব্যবহার রোধে পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

তদন্তে বলা হয়, মেটা প্ল্যাটফর্মের ফেসবুক ও ইনস্টাগ্রামে বয়স যাচাই ব্যবস্থা দুর্বল, ফলে সহজেই ১৩ বছরের নিচের শিশুরা অ্যাকাউন্ট খুলতে পারছে। এছাড়া নাবালক ব্যবহারকারীদের রিপোর্ট ও সরানোর প্রক্রিয়াও জটিল বলে অভিযোগ উঠেছে।

ইইউর পর্যবেক্ষণে বলা হয়েছে, ইউরোপজুড়ে আনুমানিক ১০-১২ শতাংশ শিশু ১৩ বছরের কম বয়সেই ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহার করছে। শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর এসব প্ল্যাটফর্মের প্রভাব নিয়েও যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ থাকা সত্ত্বেও তা বিবেচনায় নেয়নি প্রতিষ্ঠানটি।

ইউরোপীয় কমিশন জানিয়েছে, নির্দেশনা বাস্তবায়ন না হলে মেটা প্ল্যাটফর্মকে বৈশ্বিক বার্ষিক আয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে। অন্যদিকে মেটা এক বিবৃতিতে জানিয়েছে, তাদের প্ল্যাটফর্ম ১৩ বছরের বেশি বয়সীদের জন্য এবং নাবালক ব্যবহারকারীদের শনাক্ত ও অপসারণে তারা নিয়মিত প্রযুক্তিগত ব্যবস্থা উন্নত করছে।

২০২৪ সালে শুরু হওয়া এই তদন্তের প্রাথমিক ফলাফল ২০২৬ সালে সামনে এসেছে। বর্তমানে বয়স যাচাই প্রযুক্তি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে, যেখানে গোপনীয়তা রক্ষার বিষয়টি বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: এনগ্যাজেট

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।