ব্যবহৃত মোবাইল বিক্রির আগে ডি-রেজিস্ট্রেশন করতে হবে: বিটিআরসি
ব্যবহৃত মোবাইল ফোন হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনের সিমকার্ড পরিবর্তনের ক্ষেত্রে অথবা অন্য কারও ব্যবহারের জন্য হস্তান্তরের পূর্বে অথবা বিক্রয়ের পূর্বে আবশ্যিকভাবে ডি-রেজিস্ট্রেশন (এনআইডি থেকে হ্যান্ডসেটটির নিবন্ধন/রেজিস্ট্রেশন বাতিল/অবমুক্ত) করতে হবে। এক্ষেত্রে, সিম ক্রয়ের সময় ব্যবহৃত ডকুমেন্ট (এনআইডি অথবা পাসপোর্ট নাম্বার)-এর শেষ ৪টি সংখ্যার প্রয়োজন হবে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডি-রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত জানতে বিটিআরসির ওয়েবসাইট neir.btrc.gov.bd ভিজিট করতে হবে। এছাড়াও, বিটিআরসির কল সেন্টার (১০০) অথবা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর এই নির্দেশনা দিয়েছে বিটিআরসি।
ইএইচটি/এমএমএআর