যাত্রা শুরু হলো বেসিস ই-কমার্স অ্যালায়েন্সের
দেশের ই-কমার্স ব্যবসায়ের প্রচার ও প্রসারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ই-কমার্স অ্যালায়েন্স গঠন করেছে। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে বেসিস ই-কমার্স অ্যালায়েন্সের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
অনুষ্ঠানে বেসিস ই-কমার্স অ্যালায়েন্সের কর্মপরিকল্পনা ও দেশের ই-কমার্সের বর্তমান অবস্থা নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন বেসিস সভাপতি শামীম আহসান।
অনুষ্ঠানে শামীম আহসান বলেন, ই-কমার্স অ্যালায়েন্স অনলাইন বাণিজ্যকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। নীতিমালা প্রণয়নে সরকারকে সহায়তার পাশাপাশি যোগাযোগ উন্নয়ন ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে দেশের ই-কমার্সের প্রতি সাধারণের সচেতনতা বাড়াতে কাজ করবে। যেসব কোম্পানি অনলাইনের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয় বা এ সম্পর্কিত সেবা দিচ্ছে সেসব কোম্পানি এই অ্যালায়েন্সের সদস্য হতে পারবে।
প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, বেসিস বরাবরই ই-কমার্সের প্রসারে কাজ করছে। তথাপি ই-কমার্স ব্যবসাকে অধিকতর গুরুত্ব দিতে বেসিসের নতুন উইংস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, যুগ্ম আইসিটি সচিব সুশান্ত কুমার সাহা, এফবিসিসিআই সাবেক সভাপতি আনিসুল হক, নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ, বিসিএস সভাপতি মাহফুজুল আরিফ ও আইএসপিএবির সাবেক সভাপতি আক্তারুজ্জামান মঞ্জু, বেসিসের সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ,বেসিসের নির্বাহী পরিচালক সামি আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএ/পিআর