জাতীয় মোবাইল অ্যাপ ও গেম ডেভেলপার সম্মেলন ১৮ এপ্রিল


প্রকাশিত: ০৫:০১ এএম, ০৬ এপ্রিল ২০১৫

মোবাইল অ্যাপ্লিকেশন খাতের প্রসারে দেশীয় নির্মাতাদের পুরস্কৃত করবে সরকার। এজন্য দেশসেরা উদ্ভাবনী মোবাইল অ্যাপ্লিকেশন, গেম বাছাই ও প্রসারের উদ্দেশ্যে ১৮ এপ্রিল জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার ২০১৪ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে রাজধানীর ফার্মগেট খামারবাড়ি কৃষিবিদ মিলনায়তনে সেরা নির্মাতাদের হাতে তুলে দেয়া হবে মোট ১০ লাখ ৫০ হাজার টাকার পুরস্কার ও বিশেষ সম্মাননা স্মারক। আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে। সম্মেলনে এক হাজার ডেভেলপার অংশ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুধু অ্যাওয়ার্ড প্রোগ্রামই নয়, দেশের মোবাইল অ্যাপ ও গেম ডেভেলপারদের জন্য একটি মহাসম্মেলন। এতে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নের বিষয়ে ডেভেলপার কনফারেন্স হবে, যেখানে দেশের মোবাইল অ্যাপ ডেভেলপার বা ইন্ডাস্ট্রির যে কেউ রেডিজস্ট্রেশন করে অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশন করা যাবে এই লিংকে: http://www. nationalappsbd.com/awardregistration

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সাধারণের উপযোগী ও সহজ করার জন্য এবং জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সর্বোচ্চ মানের মোবাইল অ্যাপ্লিকেশনের প্রাপ্য স্বীকৃতি প্রদানই এ উদ্যোগের লক্ষ্য। পুরস্কারের জন্য জমাকৃত প্রকল্পগুলো দেশসেরা মোবাইল অ্যাপ্লিকেশন বিশেষজ্ঞরা মূল্যয়ন করেছেন এবং এখান থেকে মোট আটজন বিজয়ীকে ও রানারআপকে পুরস্কৃত করা হবে। বিজয়ীরা তাদের প্রকল্পগুলো প্রচার ও প্রসারে সহায়তা পাবেন।

যে আটটি বিষয়ে পুরস্কার দেয়া হবে সেগুলো হলো, ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং ও ভ্রমণ; সরকার ও জনসাধারণের অংশীদারিত্ব; শিক্ষা, প্রশিক্ষণ, লাইফস্টাইল ও বিনোদন বিষয়ক প্রকল্প; পর্যটন ও সংস্কৃতি; মিডিয়া ও সংবাদ; পরিবেশ ও স্বাস্থ্য; অন্তর্ভুক্তি ও ক্ষমতায়ন বিষয়ক প্রকল্প।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।