তালাকের নোটিশ ফেসবুকে!
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রতিনিয়ত গড়ে উঠছে অনেক নতুন সম্পর্ক। আবার ভেঙেও যাচ্ছে অনেক সম্পর্ক। কিন্ত সম্পর্ক ভাঙার আইনি প্রক্রিয়া বাস্তবায়নে ফেসবুকের ব্যবহার লক্ষ্য করা না গেলেও এমনি একটি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিচারক এক নারীকে ফেসবুকে তালাকের নোটিশ পাঠানোর অনুমতি দিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, এলানোরা আর্থার বাইডু নামের এক নারী তার স্বামী ভিক্টর সেনা ব্লাড-জ্রাকুকে তালাকের নোটিশ পাঠানোর চেষ্টা করছেন।
ওই নারীর আইনজীবী অ্যান্ডরু স্পিনেলের ভাষ্যমতে, তিনি ও তার মক্কেল অনেকদিন ধরে ভিক্টরকে খুঁজছেন। তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে নিজের কোনো স্থায়ী ঠিকানা নেই বলে জানান ভিক্টর।
আদালতের তথ্যানুযায়ী, তালাকের নোটিশ গ্রহণে অস্বীকৃতিও জানিয়েছেন ভিক্টর। এ অবস্থায় কোনো উপায় না পেয়ে আইনজীবী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তালাকের নোটিশ পাঠানোর জন্য আদালতের অনুমতি চান।
অবশেষে বিচারক ম্যাথিউ কুপার ফেসবুকের মাধ্যমে তালাকের নোটিশ পাঠানোর অনুমতি দিয়েছেন। তবে বিচারক এও নির্দেশ দেন, ওই অ্যাকাউন্টের মালিক যে ভিক্টর এবং সে নিয়মিত অ্যাকাউন্টটি ব্যবহার করে তা ওই নারীকে আগে প্রমাণ করতে হবে।
এসএস/এআরএস/এমএস