আধা ঘণ্টা পর ফেসবুক সচল


প্রকাশিত: ০৩:৫৭ এএম, ০৯ মে ২০১৭

বিশ্বজুড়ে প্রায় একই সময়ে আজ সকালে পৃথিবীর বিভিন্ন স্থানে অচল হয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রায় ৩০ মিনিট পর ফেসবুক সচল হয় বলে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে।

ফেসবুকের একজন মুখপাত্র টেকক্রাঞ্চকে জানায়, কারিগরি ক্রটির কারণে আজ বিভিন্ন দেশের অনেক ব্যবহারকারী ফেসবুকে লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েন। আমরা ইতোমধ্যে এ সমস্যার সমাধান করেছি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

তবে ঠিক কতজন ব্যবহারকারী আজ এই সমস্যায় পড়েছিলেন তা জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার সকালে অনেক ফেসবুক ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেননি। এমনকি মেসেঞ্জারের মাধ্যমেও যোগাযোগ করতে পারেননি।

এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও উত্তর আমেরিকার নাগরিকরা আজ সকালে তাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়েন। আজ সকালে বাংলাদেশেও অনেক ব্যবহারকারী ফেসবুকে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়েন বলে অভিযোগ পাওয়া যায়।

এআরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।