বাংলায় ‘ভালোবাসা ভালোবাসি’ স্টিকার প্যাক আনল ভাইবার


প্রকাশিত: ০৬:২০ এএম, ০২ এপ্রিল ২০১৬

ইন্টারনেটের মাধ্যমে কথা বলা ও খুদে বার্তা পাঠানোর জনপ্রিয় অ্যাপ ভাইবার বাংলায় ‘ভালোবাসা ভালোবাসি’ নামে স্টিকার চালু করেছে। এই স্টিকার ব্যবহার করে যে কেউ তার প্রিয়জনকে নিজের ভালোবাসার কথা জানাতে পারবেন।

ভাইবার জানিয়েছে, তারা শুধুমাত্র বাংলাদেশি ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই এই ফ্রি স্টিকার চালু করেছে। এতে উম..., থ্যাংকস, উফ!!!, তুমি আর আমি!!, ও আমার ময়না গো, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমার গুল গুলাটা, হ্যাপি ভ্যালেন্টাইনস ডে, ভুলো না আমায়, হি হি হি!! জরুরি ভিত্তিতে ভালোবাসা প্রয়োজন, আসো এই হৃদয়ে ডার্লিং, অন্ধ প্রেমিক, তুমি আমার কলিজার টুকরা, আমি দুঃখিত, তুমি কোথায়, এতো দেরি কেন?, শুভ রাত্রি এবং শুভ সকাল লিখিত ২০টি আবেগীয় স্টিকার রয়েছে।

এ বিষয়ে ভাইবারের দক্ষিণ এশীয় অঞ্চলের আঞ্চলিক প্রধান অনুভব নায়ার বলেন, গত বছর বাংলাদেশে ভাইবার পাবলিক চ্যাটের যাত্রা শুরুর পর আমরা আরো নতুন কিছু দিতে চেয়েছিলাম। এরই ধারাবাহিকতায় ‘ভালোবাসা ভালোবাসি’ চালু করা হলো। এর মাধ্যমে বাংলাদেশিরা নিজের ভাষায় ভালোবাসার অনুভূতি আরো গভীরভাবে প্রকাশ করতে পারবেন।  

‘একটি স্টিকার হাজার শব্দের সমতুল্য’ উল্লেখ করে নায়ার বলেন, বিশ্বে স্টিকারের মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব ঘটেছে। শুধুমাত্র গত বছরই বিশ্বব্যাপী ২২ বিলিয়ন স্টিকার পাঠানো হয়েছে। স্টিকার চ্যাট অ্যাপ ব্যবহারকারীদের নিজের ভালোবাসার মানুষ ও পরিবার-পরিজনের সঙ্গে বিশেষ উপায়ে যোগাযোগ করতে সাহায্য করে।

পাবলিক চ্যাট হিসাবে ভাইবার বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। বিশ্বব্যাপী এর ৬৬৪ মিলিয়ন ইউনিক ব্যবহারকারী রয়েছে। থ্রিজি/ফোরজি অথবা ওয়াইফাই সংযোগে আইফোন, আইপ্যাড, অ্যান্ড্রয়েড, ট্যাবলেট, উইন্ডোজ ফোন, ম্যাক, উইন্ডোজ ৮, লিনাক্স এবং সিমব্রিয়ার ডিভাইসে ভাইবার ব্যবহার করা যায়।

জেএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।