গাড়ি নয়, এ যেন চলমান ড্রয়িং রুম!
রাস্তার ভিড়ে হঠাৎ যদি দেখেন এক বিশাল আকৃতির প্রিমিয়াম ভ্যান ধীরস্থির ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে, বুঝবেন সেটি সাধারণ কোনো গাড়ি নয়। এটি এমন এক বাহন, যেখানে যাত্রা মানেই শুধু গন্তব্যে পৌঁছানো নয় বরং চলার পথটাই হয়ে ওঠে অভিজাত অভিজ্ঞতা। প্রায় ৫৩০ সেন্টিমিটার দৈর্ঘ্যের এই ভি-ক্লাস যেন চার চাকার ওপর দাঁড়ানো এক বিলাসবহুল লাউঞ্জ।
মার্সিডিজ বেঞ্জ ভি-ক্লাসের কেবিনে প্রবেশ করলেই প্রথম যে বিষয়টি নজরে আসে, তা হলো বিশাল স্পেস। এতটাই প্রশস্ত যে অনেকেরই মনে হতে পারে এ যেন একটি চলমান ড্রয়িং রুম। বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় সারির সিট বিন্যাস পুরোপুরি কাস্টমাইজ করা যায়। চাইলে তৃতীয় সারি সরিয়ে রেখে কেবিনকে আরও খোলামেলা করা যায়। আবার চাইলে দুই সারির সিট মুখোমুখি বসিয়ে ছোটখাটো মিটিং বা পারিবারিক আড্ডার পরিবেশও তৈরি করা সম্ভব।
দ্বিতীয় সারির সিটগুলোতে রয়েছে ম্যাসাজ ফাংশন, ভেন্টিলেশন এবং মাল্টি-অ্যাডজাস্টমেন্ট সুবিধা। দীর্ঘ ভ্রমণেও ক্লান্তি কম অনুভূত হয়। সঙ্গে ১৫ স্পিকারের উন্নত অডিও সিস্টেম যা গাড়ির ভেতরেই তৈরি করে দেয় এক ধরনের হোম থিয়েটার অনুভূতি।
এই মডেলে ডিজেল ইঞ্জিনের পাশাপাশি মাইল্ড হাইব্রিড প্রযুক্তিসম্পন্ন পেট্রোল ভ্যারিয়েন্টও পাওয়া যায়। ফলে শক্তি ও জ্বালানি সাশ্রয়ের মধ্যে একটি ভারসাম্য বজায় থাকে। এয়ার সাসপেনশন ব্যবস্থার কারণে খারাপ বা অসমান রাস্তাতেও যাত্রা থাকে মসৃণ। বড় আকৃতির গাড়ি হওয়ায় শহরের সংকীর্ণ রাস্তায় চালানো কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, তবে উন্নত ড্রাইভিং অ্যাসিস্ট ও পার্কিং সেন্সর সেই সমস্যাকে অনেকটাই সহজ করে দেয়।
যদিও দৈর্ঘ্যের কারণে এতে সানরুফ নেই, তবুও কেবিনের প্রিমিয়াম ফিনিশ, নরম আলো এবং উচ্চমানের উপকরণ ব্যবহার পুরো অভিজ্ঞতাকে বিলাসবহুল করে তোলে।
এটি কাদের জন্য? বর্তমানে বিলাসবহুল ভ্যান ও এমপিভির চাহিদা দ্রুত বাড়ছে। বিশেষ করে সেলিব্রিটি, করপোরেট এক্সিকিউটিভ কিংবা বড় পরিবারের জন্য এই ধরনের গাড়ি হয়ে উঠছে জনপ্রিয় পছন্দ। কারণ এটি শুধু পরিবহন নয় একসঙ্গে আরাম, গোপনীয়তা ও স্ট্যাটাসের প্রতীক।
দীর্ঘ সফর, পারিবারিক ভ্রমণ বা ভিআইপি পরিবহনের ক্ষেত্রে ভি-ক্লাস নিজেকে আলাদা করে তুলে ধরে। আধুনিক লাইফস্টাইলের সঙ্গে মানানসই এই গাড়ি প্রমাণ করে চার চাকার ওপরও একটি আরামদায়ক বসার ঘর তৈরি করা সম্ভব।
আরও পড়ুন
কতদিন পর পর গাড়ি পরিষ্কার করানো ভালো
টেসলা সাইবারট্রাক কেন আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে
কেএসকে