জাতীয়

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুটিকে বাঁচানো গেলো না

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে কক্সবাজারে আহত শিশু হুজাইফা সুলতানা (৯) মারা গেছে। গুলিবিদ্ধ হওয়ার ২৭ দিন পর আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস ও হাসপাতালে চিকিৎসাধীন ছিল হুজাইফা।

হাসপাতালটির সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু হুজাইফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রথমে তার শারীরিক অবস্থার উন্নতি হলে তার মেকানিক্যাল ভেন্টিলেটর (মেশিনের মাধ্যমে শ্বাসপ্রশ্বাস) সরিয়ে দেওয়া হয়। প্রথমে সে মেশিন ছাড়া শ্বাসপ্রশ্বাস নিতে পারলেও পরে তার অক্সিজেনের মাত্রা কমতে থাকে। এজন্য গত বৃহস্পতিবার আবার তাকে মেকানিক্যাল ভেন্টিলেটরে দেওয়া হয়। তার রক্তে ইনফেকশন মারাত্মক আকারে ছড়িয়ে পড়ে। ইনফেকশন অ্যান্টিবায়োটিকে কাজ করছিল না। মানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট দেখা দেয়। এ কারণে ইনফেকশনের মাত্রা বেশি হলে হুজাইফা শকে চলে যায়। পরে অন্যান্য ওষুধে কাজ না হলে মৃত্যুর কোলে ঢলে পড়ে হুজাইফা।

আরও পড়ুন:

খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে হুজাইফার, নেওয়া হচ্ছে ঢাকায়মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ

১১ জানুয়ারি সকালে মিয়ানমার সীমান্তের দিক থেকে আসা গুলিতে আহত হয় শিশু হুজাইফা। সে হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। সে হোয়াইক্যং লম্বাবিলের হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার সময় গুলিতে আহত শিক্ষার্থীর বাবা জসিম উদ্দিন জানান, হুজাইফা উঠানে খেলার সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া গুলি এসে তার মাথায় লাগে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। পরে তাকে জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস ও হাসপাতালে নেওয়া হয়। সেখানেই আজ সকালে মারা যায় শিশুটি।

এসইউজে/এসএনআর/এমএস