নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীদের শপথ উপলক্ষে সংসদ ভবনের আশপাশের সড়কে যান চলাচল সীমিত থাকায় মেট্রোরেলে যাত্রীদের প্রচুর ভিড় দেখা গেছে। ফার্মগেট, বিজয় সরণি ও আশপাশের স্টেশনগুলোতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ভিড় লক্ষ্যনীয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিভিন্ন মেট্রো স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
শেওড়াপাড়া মেট্রো স্টেশনে কথা হয় অমিত নামের এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, প্রতিদিন দুপুরে এই টাইমে অফিস যাই। কখনোই এমন ভিড় থাকে না। আজ রাস্তায় বাস না থাকায় মেট্রোতে ভিড় বেশি।
ফার্মগেট মেট্রো স্টেশনে কথা হলে ভোলা যুবদলের নেতা বশির বলেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যাবো। সেখানে এলাকার নেতাকর্মীরা আছেন। মেট্রোর প্রতিটি স্টেশনেই ভিড় দেখলাম।
আগারগাঁওয়ে কথা হলে মুজাহিদ নামের এক যাত্রী বলেন, মেট্রোতে আজ অনেক ভিড়। এত ভিড় সাধারণত দেখা যায় না।
ফার্মগেট ও কয়েকটি স্টেশনে দেখা গেছে। মেট্রো এলেও ভিড়ের কারণে সব যাত্রী উঠতে পারছে না। অপেক্ষা করতে হচ্ছে পরবর্তী মেট্রোর। আর মেট্রোরেলের ভেতরেও যাত্রীদের পা ফেলার ঠাঁই নেই।
ইএইচটি/এএমএ