আন্তর্জাতিক

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ যোগ দেবে না নরওয়ে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দেবে না স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র নরওয়ে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ইনস্টিটিউট অব পিসে আয়োজিত ‘বোর্ড অব পিস’-এর উদ্‌বোধনী বৈঠকে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এ উদ্যোগে ১০ বিলিয়ন ডলার অবদান রাখবে। তিনি আরও দাবি করেছিলেন, নরওয়ে বোর্ডের একটি অনুষ্ঠান আয়োজন করবে।

তবে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনে ইয়োরেম এ দাবি প্রত্যাখ্যান করেছেন। নরওয়েজিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এনআরকে)-কে দেওয়া বক্তব্যে তিনি পুনর্ব্যক্ত করেন যে নরওয়ে এই বোর্ডের সদস্য হবে না।

এনআরকে ইয়োরেমের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ‘নরওয়ে স্পষ্টভাবে জানিয়েছে যে আমরা বোর্ড অব পিসের সদস্য হব না এবং এই অবস্থান অপরিবর্তিত রয়েছে।’

ইয়োরেম আরও বলেন, নরওয়ে অ্যাড হক লিয়াজোঁ কমিটির একটি বৈঠক আয়োজনের পরিকল্পনা করছে। দীর্ঘদিন ধরে নরওয়ের নেতৃত্বে পরিচালিত এই আন্তর্জাতিক প্রক্রিয়াটি ফিলিস্তিনিদের জন্য সহায়তা সমন্বয় করে থাকে। ওই বৈঠকে গাজা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

নরওয়ে ছাড়াও ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনসহ কয়েকটি ইউরোপীয় দেশ এই বিতর্কিত বোর্ডের বাইরে রয়েছে। গত ২২ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে আনুষ্ঠানিকভাবে বোর্ডটি চালু করেন ডোনাল্ড ট্রাম্প।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প তার ‘বোর্ড অব পিস’-কে একটি প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করতে চান, যা জাতিসংঘের তত্ত্বাবধান করবে এবং কেবল গাজা ইস্যুর মধ্যে সীমাবদ্ধ না থেকে বোর্ডের কার্যপরিধি আরও বিস্তৃত করবে।

কেএম