ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে ২ মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এছারা দুপুর দেড়টার দিকে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যেও সংঘর্ষে ১০ জন আহত হন।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এস.এম পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন ও টিপু মোল্লার সমর্থকদের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরবর্তীতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হন। এসময় সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গেলে চ্যানেল টোয়েন্টিফোর-এর নিজস্ব প্রতিবেদক রিয়াজ উদ্দিন জামি ও চিত্রগ্রাহক প্রকাশ লাল দাস আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস/এসআরজে