দেশজুড়ে

সেনাবাহিনীর জন্য ভারত থেকে ১০টি ঘোড়া আমদানি

বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আমদানি করা ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত ভারতীয় ঘোড়া বেনাপোলে পৌঁছেছে। সেনাবাহিনীর প্রশিক্ষণ কাজে এগুলো ব্যবহার করা হবে।

সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার বিকেলে ভারতের পেট্রাপোল থেকে ২টি অ্যাম্বুলেন্স ট্রাকে করে ঘোড়ার চালানটি বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। এ সময় ঘোড়াগুলোকে এক নজর দেখতে বন্দরের সামনে আশপাশের লোকজন ভিড় জমায়।

বেনাপোল কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, বাংলাদেশ সেনাবাহিনীর নামে এ ঘোড়াগুলো আমদানি করা হয়েছে। এগুলো সরবরাহের দায়িত্ব পেয়েছে ঢাকার মহাসিন ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠান। পশ্চিমবঙ্গের বারাসাত এলাকার বিধাতা সাপ্লাইয়ারস এ ঘোড়াগুলো রফতানি করেছে।

তিনি আরও জানান, আমদানিকৃত ঘোড়াগুলো বেনাপোল কাস্টমস হাউজ থেকে ছাড় নেয়ার জন্য মেসার্স মাধ্যম নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট বিল অব এন্ট্রি দাখিল করে। (যার বিল অব এন্ট্রি নং-সি-৩৮৫৭৯ তারিখ-০৫/০৬/১৮)। ১০টি ঘোড়ার আমদানি মূল্য ঘোষণা দেয়া হয়েছে ১ লাখ ১৮ হাজার ৬৬৮ মার্কিন ডলার বা বাংলাদেশি ৯৯ লাখ ১৮ হাজার ৮৬৪ টাকা। এ হিসেবে প্রতিটি ঘোড়ার দাম পড়েছে ৯ লাখ ৯১ হাজার ৮৮৬ টাকা। সব কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে শুল্কায়নের পর সরকারি কর বাবদ ১০ লাখ ২০ হাজার টাকা আদায় করে ঘোড়াগুলো খালাশ দেয়া হয়েছে।

রফতানিকারক প্রতিষ্ঠান বিধাতা সাপ্লাইয়ার্সের ম্যানেজার দিপেস গোস্বামী জানান, ঘোড়াগুলো প্রশিক্ষণপ্রাপ্ত উন্নতমানের। গত রোববার ভারতের দিল্লি রেস ক্লাব থেকে রওনা দিয়ে তিন দিন লাগে বেনাপোল বন্দর পৌঁছাতে।

মো. জামাল হোসেন/এমএমজেড/এমএস