দেশজুড়ে

ফতুল্লায় ৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে হেলাল শেখ (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে ফতুল্লার কাশীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হেলাল শেখ কাশীপুর খিলমার্কেট এলাকার বাসিন্দা মৃত আহাম্মেদ শেখের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই শিশু মোবাইলের রিচার্জ কার্ড কিনতে গেলে তাকে ফুসলিয়ে নিজের দোকানে নিয়ে যায় হেলাল। পরে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। শিশুর মা এসে এ বিষয়ে জিজ্ঞেস করলে হেলাল তাকে মারধর করে। এতে এলাকায় হৈ-চৈ শুরু হয়। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে হেলালকে আটক করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসী জানান, হেলাল একটা খারাপ চরিত্রের লোক। নিজে দুই বিয়ে করলেও তার কুনজর থাকে শিশুদের ওপর। এর আগেও সে শিশুদের যৌন নিপীড়ন করেছে। এ নিয়ে একাধিকবার তার বিচারও হয়। কিন্তু তাতেও সে ভালো হয়নি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে হেলালকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মো. শাহাদাত হোসেন/এমবিআর/এমএস