জয়ের জন্যই বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা


প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ২৯ মার্চ ২০১৬

বলিভিয়ার বিপক্ষে ম্যাচ বলে একটু বেশিই সতর্ক আর্জেন্টিনা। ফুটবলবিশ্ব এখনো ২০০৯ সালে বলিভিয়ার কাছে ৬-১ গোলের হার নিয়ে তামাশায় মেতে ওঠে হরহামেশাই। অবশ্য সেই ম্যাচের পর বলিভিয়ার কাছে হারতে হয়নি আর্জেন্টিনাকে। শেষ দুই ম্যাচে তো আর্জেন্টিনা ১২ গোল ঢুকিয়েছে বলিভিয়ার জালে। বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচেও তাই বলিভিয়ার বিপক্ষে ফেবারিটের তকমা লাগিয়ে মাঠে নামবে মেসি-ডি মারিয়ার আর্জেন্টিনা।

শক্তিশালী চিলিকে তাদের মাটিতেই হারিয়ে বেশ চাঙ্গা অবস্থায় আছে আর্জেন্টাইনরা। বলিভিয়ার বিপক্ষে ম্যাচ খেলেই হয়তো আর্জেন্টিনার ফুটবলকে বিদায় জানাবেন ম্যানচেস্টার সিটি তারকা মার্টিন ডেমিচেলিস।

নিষেধাজ্ঞার কারণে চিলির বিপক্ষে খেলেননি ‘দ্যা গ্লাডিয়েটর’ খ্যাত মাচেরানো। এই ম্যাচে তাই একাদশে ফিরছেন তিনি। মেসি গোল না পেলেও তাকে নিয়ে চিন্তা নেই কোচ টাটা মার্টিনোর। ডি মারিয়াসহ দলের অন্যান্যদের ভালো ফর্মের কারণে এই ম্যাচে অনেকটা এগিয়ে থেকেই মাঠে নামবে আর্জেন্টিনা।

মুখোমুখি ৩৬ দেখার ২৫টিতেই জিতেছে আলবিসেলস্তারা। তন্মধ্যে হেরেছে মাত্র ৬টি ম্যাচ। চিলির বিপক্ষে খারাপ ফর্মের জন্য এ ম্যাচে হয়ত বেঞ্চে থাকবেন স্ট্রাইকার আগুয়েরো। সেক্ষেত্রে একাদশে দেখা যেতে পারে নাপোলির গোলমেশিন গঞ্জালো হিগুয়েনকে। বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে ৫টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। সরাসরি দেখাবে সনি সিক্সএইচডি।

আরআর/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।