ঢাকা প্রিমিয়ার লিগ

‘কোয়াবের ওপর আস্থা রাখুন, মাঠে খেলা ফেরাতে আমাদের চেষ্টার কমতি নেই’

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ০১ এপ্রিল ২০২৬

বিসিবির গেলো নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে গত ৬ মাস ধরে ঘরোয়া ক্রিকেট বয়কট করে আসছে ঢাকার শীর্ষ ক্লাবগুলো। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ দায়সারাভাবে হলেও ঢাকা প্রিমিয়ার লিহ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা রয়েছে। দেশের শীর্ষ ক্রিকেটারদের অন্যতম আয়ের উৎস এই টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফায়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়েছেন, তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন যেন ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ায়।

বুধবার কোয়াবের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিও বার্তায় লিগের গুরুত্ব এবং বর্তমান পরিস্থিতি তুলে ধরে কোয়াব সভাপতি বলেন, ‘আমি কোয়াবের প্রেসিডেন্ট হিসেবে আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে একটা ম্যাসেজ দিতে চাই। সেটা হচ্ছে আমরা সবাই অবগত আছি যে ঢাকা লিগটা বন্ধ হয়ে আছে। এই ক্ষেত্রে এটা আমরা জানি যে ঢাকা লিগ আমাদের সকল প্লেয়ারের জন্যে কতটা গুরুত্বপূর্ণ। এটা আমাদের মূল আয়ের একটা জায়গা। এখানে সবচেয়ে বেশি সংখ্যক প্লেয়ার আর্থিকভাবে উপকৃত হয়। এই লিগটা বন্ধ হওয়াতে প্রত্যেকটা প্লেয়ার অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে।’

মাঠে ক্রিকেট ফেরাতে কোয়াবের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়ে মিঠুন বলেন, ‘এই বিষয়টা আমাদের নলেজে আছে। আমরা আপনাদের পক্ষ হয়ে বিসিবির সঙ্গে এবং সিসিডিএমের সঙ্গে যোগাযোগ করছি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি লিগটা যেন যত দ্রুত সম্ভব মাঠে গড়ান যায়। এই জন্যে আমাদের চেষ্টার কোন কমতি নেই। আমরা ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব এটার সমাধান করার চেষ্টা করব।’

নির্বাচিত প্রতিনিধিদের ওপর বিশ্বাস রাখার অনুরোধ জানিয়ে ক্রিকেটারদের উদ্দেশ্যে মিঠুন বলেন, ‘আমি আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলতে চাই, আপনারা কোয়াবের ওপর আস্থা রাখুন। আপনারা ভোটের মাধ্যমে আমাদেরকে নির্বাচিত করেছেন। আমরা ডে বাই ডে আপনাদের আস্থার প্রতিদান দেয়ার চেষ্টা করছি। আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়েই কথা বলছি। ক্রিকেটের স্বার্থে আপনারা একটু ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ যে সংকটটা চলছে এটা দ্রুতই সমাধান হয়ে যাবে।’

এসকেডি/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।