একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম


প্রকাশিত: ১১:৪১ এএম, ০৩ এপ্রিল ২০১৬

ভারতের ছত্রিশগড়ের সারগুজা জেলায় বিরল এক ঘটনা ঘটেছে। ২৫ বছর বয়সের এক নারী একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। শনিবার ছত্রিশগড়ের আম্বিকাপুর হাসপাতালে ওই নারী পাঁচ সন্তানের জন্ম দেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ড. কে. আর তেকাম বলেন, সদ্যজাত ওই পাঁচ শিশুর ওজন কম হলেও তারা সুস্থ আছে। সাত মাসেই প্রসব হওয়ায় প্রত্যেকের ওজন এক কেজি থেকে দেড় কেজি।

তিনি বলেন, ওজন কম হওয়ায় শিশুদেরকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। এছাড়া শারীরিক অবস্থা ভালো আছে।

গত ৩১ মার্চ হঠাৎ প্রসব যন্ত্রণা ওঠায় মণিতা নামের ওই নারীকে সিভিল হাসপাতালে ভর্তি করেন স্বামী উমেশ কুমার।  ভারতীয় সংবাদ সংস্থা এএনআইএ`কে মনিতা বলেন, ডেলিভারির আগে তার সনোগ্রাফি টেস্ট করা হয়। এতে দেখা যায়, তার গর্ভে একাধিক সন্তান রয়েছে। কিন্তু এই সংখ্যা যে পাঁচ হবে, তা ছিল একেবারেই কল্পনার বাইরে।

তার এক আত্মীয় জানান, এর আগেও এক সন্তানের জন্ম দিয়েছিলেন মণিতা। কিন্তু সেই সন্তান মারা যায়। এরপরেই মণিকার ঘরে পাঁচ সন্তানের আগমণ ঘটলো।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।