সৌদি আরবে মুহুর্মুহু ড্রোন হামলা, কুয়েত বিমানবন্দরে আগুন
ইরান আশ্বাস দিলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধ যেন থামছেই না। সৌদি আরব ও কুয়েতে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে ইরান-ইসরায়েলেও।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় ড্রোন হামলার চেষ্টা নস্যাৎ করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হামলায় কোনো বেসামরিক হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
এর আগে সৌদি প্রতিরক্ষা বাহিনী জানায়, দেশটির আকাশসীমায় প্রবেশ করা অন্তত ১৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির দিকে ইরান থেকে মোট ১২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে ১০টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র।
এদিকে কুয়েত সরকার জানিয়েছে, দেশটির পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটি ভবনে হামলার ঘটনা ঘটেছে। এতে প্রধান ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা বর্তমানে একাধিক আকাশ হামলার পরিস্থিতি মোকাবিলা করছে এবং বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
অন্যদিকে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে ড্রোন হামলার পর সেখানে আগুন লেগেছে বলে জানিয়েছে দেশটির সরকার। এক্সে দেওয়া বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থলে অগ্নিনির্বাপণ কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
এর মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ইরান থেকে তাদের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং সেগুলো প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
এদিকে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের হামলায় একটি অ্যাম্বুলেন্স ধ্বংস হয়েছে বলে জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ডস সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ফার্স। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একটি অ্যাম্বুলেন্সে আগুন জ্বলতে দেখা গেছে এবং জরুরি পোশাক পরা একজন ব্যক্তিকে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়।
আরেকটি নাগরিক সাংবাদিকতা প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, তেহরানের পূর্বাঞ্চলের তেহরানপার্স এলাকায় একটি গলিপথে চলাচলরত অ্যাম্বুলেন্সের কাছে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়, এরপরই সেটিতে আগুন ধরে যায়।
আবার, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, এবং সেগুলো প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বলেছে, ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো আকাশেই ধ্বংস করার চেষ্টা করছে।
সূত্র: আল-জাজিরা
কেএএ/