ঢাবি ফলিত গণিত বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফলিত গণিত বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনের রেজাউর রহমান মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি ছিলেন। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এবং বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ও ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মো. রাকিব হোসেন। নবীনদের পক্ষে ফারিলা জেবিন রাইদা এবং বিদায়ীদের পক্ষে আহনাফ আহমেদ অনুভূতি ব্যক্ত করেন। বিভাগের প্রভাষক শুচি চাকী অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ফলিত গণিত বিভাগ আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। এই বিভাগের পাঠক্রম ও শিক্ষকদের মান আন্তর্জাতিক যে কোনো বিশ্ববিদ্যালয়ের সমতুল্য। তবে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। বিশ্বমানের গ্র্যাজুয়েট হওয়ার জন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত পরিবেশে নেতিবাচক কার্যক্রম থেকে দূরে থাকতে একাডেমিক ও ক্যারিয়ার উন্নয়নে মনোনিবেশ করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের সঙ্গে তার পরিবারের স্বপ্ন ও সামাজিক মর্যাদা ওতপ্রোতভাবে জড়িত। তাই পারিবারিক স্বপ্ন পূরণ ও সামাজিক মর্যাদা বাড়ানোর লক্ষ্যে সময়ের সদ্ব্যবহার করতে হবে।
অনুষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিভিন্ন বর্ষের পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ৩ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। শিক্ষার্থীরা হলেন- নাফিয়া তানজুম নিহা, ফাহিয়া হক আফনান এবং মেহবুবা চৌধুরী।
এফএআর/জেএইচ