ইনকিলাব মঞ্চের ওপর হামলার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৮ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় ডাকসু ভবনের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ডাকসুর জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, কমনরুম, ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক উম্মে সালমাসহ অন্য সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, ওসমান হাদি হত্যার এতদিন পার হওয়ার পরে যখন বিচারের দাবিতে আন্দোলন হচ্ছে, তখন আজকে স্বয়ং ডিএমপি কমিশনার উপস্থিত থেকে এই আন্দোলনকে মকারি করছে। তারা ওসমান হাদিকে নিয়ে মকারি করছে, আমাদের বোনদের নিয়ে মকারি করছে। আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, ইনকিলাব মঞ্চ আশঙ্কা করছে এখানে আওয়ামী লীগের একটা অংশ জড়িত রয়েছে। পুলিশে গুপ্ত থাকা আওয়ামী লীগের একটা অংশ এবং আন্দোলনকারীদের মধ্যে ঢুকে পড়া আরেকটি অংশ আজকে উসকানি দিয়েছে। আমরা কখনোই চাই না আওয়ামী লীগের সন্ত্রাসীরা ইনকিলাব মঞ্চের আন্দোলনে ঢুকে ওসমান হাদিকে নিয়ে ষড়যন্ত্র করুক। তারা এই আন্দোলনকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে।

তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, আমরা আপনাদের অনুরোধ করেছিলাম, পুলিশকে সংস্কার করুন। কিন্তু আপনারা তা করতে পারেননি। আমাদের ভয় হয়- আপনারা এই ক্ষুদ্র জমায়েত ছত্রভঙ্গ করতে যেভাবে আগ্রাসী হয়েছেন তাতে সামনে নির্বাচনে কী রূপ ভূমিকা পালন করেন।

ডাকসুর এজিএস মু. মহিউদ্দিন খান বলেন, আমরা ভেবেছিলাম জুলাই গণঅভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অনুশোচনা তৈরি হয়েছে। কিন্তু আজকে দেখছি তাদের মধ্যে তো কোনো অনুশোচনা তৈরি হয়নি। বরং তারা ওসমান হাদিকে নিয়ে মকারি করছে। তারা বিনা উসকানিতে আন্দোলনকারীদের ওপর হামলা করেছে। আমরা অবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানাচ্ছি।

এফএআর/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।