আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে স্পেস না দেওয়ার আহ্বান মঞ্চ-২৪’র

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাবি
প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
মধুর ক্যান্টিন প্রাঙ্গণে মঞ্চ-২৪ আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী

মঞ্চ-২৪ এর আহ্বায়ক ফাহিম ফারুকী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে স্পেস না দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ হলো একটি বিষ। যারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে স্পেস দিয়েছে, আওয়ামী লীগ তাদের কবরে পাঠিয়েছে। সুতরাং, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি অনুরোধ থাকবে; সংসদে আওয়ামী লীগের বৈধতা দেওয়ার দরকার নেই। আপনার কাজ হবে- আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগকে সর্বোচ্চ বিচারের মুখোমুখি করা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন প্রাঙ্গণে মঞ্চ-২৪ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, জামায়াত আমির ও নাহিদ ইসলামের সঙ্গে দেখা করেছেন আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এই সম্প্রীতির রাজনীতি দেখতে চেয়েছিলাম। আওয়ামী লীগকে স্পেস দিলে এই রাজনৈতিক সম্প্রীতি নষ্ট হবে।

ফাহিম ফারুকী বলেন, বাংলাদেশে সহিংসতাবিহীন অন্যতম একটি নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। কিন্তু বিভিন্ন জায়গায় ফলাফলকে কেন্দ্র করে ইলেকশন ইন্জিনিয়ারিংয়ের অভিযোগ করেছে বিরোধী দল। তবে সরকারি দল ও বিরোধী দল যেহেতু নির্বাচনকে মেনে নিয়েছে এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় এক থাকার ঘোষণা দিয়েছে তাই আমরাও নির্বাচনকে মেনে নিচ্ছি। আমরা প্রত্যাশা করছি- নবনির্বাচিত সবাই মিলে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবে। ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অর্থ হলো যারা ফ্যাসিবাদ ছিলো তাদের রাজনৈতিকভাবে কোনো স্পেস দেওয়া যাবে না।

বিরোধী দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, জামায়াতসহ বিরোধী দলগুলোর কাজ হলো নেগোসিয়েশনের পরিবর্তে রাজপথে থেকে জনগণের অধিকার নিয়ে কাজ করা। আপনারা নেগোসিয়েশন করে আসন বণ্টন করেন আর ভাগাভাগি করে আসন বণ্টন করেন, তা আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে, আসন বণ্টন করার পর, সংসদে যাওয়ার পর বাংলাদেশের জনগণ কতটা নিরাপদ থাকে। আমার কামার, কুমার, জেলে, চাষার অধিকার কতটুকু বাস্তবায়ন হয়। জনগণকে যে কমিটমেন্ট দিয়েছেন, তার কতটুকু বাস্তবায়ন করেছেন, তা দেখার বিষয়।

এ সময় নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে তিনি বলেন, নির্বাচন পরবর্তী সময়ে আমরা প্রমাণসহ দেখেছি বিএনপি শাপলা কলিতে বা দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। আঠারো সালে ধানের শীষে ভোট দেওয়ায় একজন মাকে ধর্ষণ করা হয়েছিল। সেই আওয়ামী লীগের রীতিতে আপনারা যদি ফিরতে চান তাহলে বাংলাদেশে কিন্তু আপনাদের তিন মাসও ক্ষমতায় রাখা হবে না। যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা শিখিয়েছেন, তার দলের লোকেরা যখন আধিপত্যবাদকে প্রশ্রয় দিয়ে আমার দেশের মা-বোনদের ওপর আক্রমণ করে; তখন আমাদের কলিজায় লাগে।

এফএআর/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।