ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস পালনের সব প্রস্তুতি সম্পন্ন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
কেন্দ্রীয় শহীদ মিনার, ফাইল ছবি

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জনসংযোগ দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহীদ দিবস উপলক্ষে ২০ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টার পর ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে। ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক এলাকায় বসবাসকারীদের সন্ধ্যা ৭টার মধ্যে আবাসস্থলে ফেরার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বিশেষ জরুরি প্রয়োজনে নিরাপত্তা পাশ ও পরিচয়পত্র ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দিবসটি পালন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন, বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ, সব হলের মসজিদ এবং আবাসিক এলাকার মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহিদদের রুহের মাগফেরাত/শান্তি কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনা।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আগামী ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ৬টায় উপাচার্য ভবনের সামনে ‘স্মৃতি চিরন্তন’ চত্বর থেকে মৌন মিছিল ও প্রভাতফেরি বের করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এতে নেতৃত্ব দেবেন। মৌন মিছিল ও প্রভাতফেরিটি উদয়ন স্কুল হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে যাবে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), উপ-উপাচার্য (শিক্ষা), কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, সব অনুষদের ডিন, হল ও হোস্টেলগুলোর প্রাধ্যক্ষ ও ওয়ার্ডেন, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালক, অফিস প্রধান, শিক্ষক, ডাকসু নেতৃবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এতে অংশগ্রহণ করবেন।

প্রভাতফেরিতে অংশগ্রহণের জন্য ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল সোয়া ৬টায় স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এফএআর/এমএমএআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।