সাবেক পররাষ্ট্র উপদেষ্টা

তৃতীয় কোনো ভাষা শিখলে চাকরির জন্য বসে থাকতে হবে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৩ এএম, ০৭ মার্চ ২০২৬
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জনের তাগিদ দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের বাংলা, ইংরেজির পাশাপাশি তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। বাংলা, ইংরেজির পাশাপাশি জাপানিজ, চাইনিজ, কোরিয়ান, স্প্যানিশ, ফ্রেন্স ইত্যাদি যেকোনো ভাষা হতে পারে। তৃতীয় কোনো ভাষা শিখলে ভবিষ্যতে চাকরির জন্য বসে থাকতে হবে না।

‎শুক্রবার (৬ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সিরাজুল ইসলাম লেকচার থিয়েটারে এক নবীনবরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রায়পুরা (ডুসার), নরসিংদী এই অনুষ্ঠানের আয়োজন করে।

তৌহিদ হোসেন বলেন, স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করা প্রয়োজন, যেন তারা উচ্চশিক্ষা অর্জন করার সুযোগ পায়। শিক্ষার্থীদের যেকোনো বিষয়ের ওপর দক্ষতা বৃদ্ধি করতে হবে। এতে কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে।

jagonews24

‎তিনি বলেন, ছাত্র-ছাত্রীরা বিদেশি ভাষা শিক্ষার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে পারে। বাংলা, ইংরেজির পাশাপাশি জাপানিজ, চাইনিজ, কোরিয়ান, স্প্যানিশ, ফ্রেন্স ইত্যাদি ভাষা শিখলে ভবিষ্যতে চাকরির জন্য বসে থাকতে হবে না। ভাষা শিখে অনায়াসে উন্নত বিশ্বে পদার্পণের মাধ্যমে আর্থিক সমৃদ্ধি অর্জনের মাধ্যমে সমাজ ও দেশকে সমৃদ্ধ করতে পারবে।

‎সাবেক পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের দেশে অবৈধভাবে বয়স বাড়িয়ে পাসপোর্ট করার একটা প্রবণতা রয়েছে। কিশোর অবস্থায় বয়স বাড়িয়ে ১৫ বছরকে ২০ বছর করে পাসপোর্ট করে শ্রমিক ভিসায় মধ্যপ্রাচ্যে গিয়ে শ্রমিক হওয়া বন্ধ করতে হবে। নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারলে ইউরোপ মহাদেশের দেশগুলোতে প্রবেশের জন্য ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ডুবে মরতে হবে না।

‎কোনো সংগঠনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করলে গতি বাড়ে বলেও জানান তিনি।

‎অনুষ্ঠানে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, সমাজের অনগ্রসর শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিয়ে আসার জন্য উদ্যোগ নিতে হবে। এতে তারা উচ্চশিক্ষায় উৎসাহিত হবে।

‎বর্তমান বিশ্ব পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ চলছে। এই যুদ্ধ আর কিছুদিন চলতে থাকলে সারাবিশ্বে জ্বালানি সংকট দেখা দিতে পারে।

‎সংগঠনের সভাপতি মো. নাজমুল কাদেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিগমা গ্রুপের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগযোগ বৈকল্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাওহিদা জাহান, নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যাপক মো. ফখরুল ইসলাম তালুকদার, ডুসার এর স্থায়ী উপদেষ্টা রহমত উল্লাহ, ছাত্র উপদেষ্টা আল আমিন, আতিকুর রহমান আতিক, সদ্যবিদায়ী সভাপতি আবু আহমেদ ফাহাদ, সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক সামাউন আহমেদ সাম।

এনএস/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।