ঢাবির সব ক্লাস ও পরীক্ষা আজ থেকে বন্ধ

আজ থেকে ঈদের ছুটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে/ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আজ ৯ মার্চ (সোমবার) থেকে আগামী ২৮ মার্চ (শনিবার) ঈদের ছুটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

রোববার (৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে এসএমটির  এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

সভায় সরকারের প্রজ্ঞাপন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠির বিষয়ে আলোচনা করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সোমবার (৯ মার্চ) যথারীতি খোলা থাকবে।

৯ মার্চের পর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও অফিসসমূহ চালু রাখার বিষয়ে সোমবার জানানো হবে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। এজন্য সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী ও দায়িত্বশীল অচরণ নিশ্চিত করা প্রয়োজন।

সেখানে আরও বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং রমজান উপলক্ষে আগামী ৯ মার্চ থেকে ঈদুল ফিতরের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে উল্লিখিত তারিখ পর্যন্ত সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে মর্মে অবহিত করতে হবে।

এফএআর/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।