মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুনে হাসপাতালে দুজনের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৮ এএম, ১০ মার্চ ২০২৬

রাজধানীর মিরপুর-২ নম্বরে এলএ প্লাজা নামের একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আগুন লাগার পর ১১ তলা ভবনের ভেতরে থাকা অনেকেই ছাদে উঠে যান। কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন। পরে ২৪ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ছয় ইউনিটের চেষ্টায় বেলা ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ আরেকজন নারী।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বেলা ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। তাদের চেষ্টায় বেলা ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে ও বিকেল ৪টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিভে যায়।

ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের কর্মকর্তা শাজাহান সিরাজ সাংবাদিকদের বলেন, মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১ তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন লাগার পর ভবনের ভেতরে থাকা অনেকেই ছাদে উঠে যান। কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন।

এই কর্মকর্তা আরও বলেন, টার্ন টেবিল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে ভবনের ছাদ ও বিভিন্ন তলা থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে চার ও পাঁচতলার মাঝামাঝি সিঁড়ি থেকে একজন নারী ও একজন পুরুষকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান সোহেল জানান, হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ব্যক্তিটির নাম রাকিব হাসান। মারা যাওয়া নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, ভবনের তৃতীয় তলায় একটি স্পা সেন্টারে আগুন লাগে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

টিটি/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।