জবি ছাত্রদলের কমিটি ভাঙার গুঞ্জন, নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জবি
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ১৩ মার্চ ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনকে ঘিরে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় কমিটির পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটিও ঘোষণা করা হতে পারে।

এ বিষয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও সরকারদলীয় হুইপ রাকিবুল ইসলাম বলেন, দ্রুতই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হবে। তার এ বক্তব্যের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সম্ভাব্য নেতৃত্ব নিয়েও আলোচনা আরও জোরালো হয়েছে।

জবি শাখার মেহেদী হাসান হিমেল ও শামসুল আরেফিন কমিটি ভাঙার গুঞ্জনে নতুন নেতৃত্ব ঘিরে ক্যাম্পাস ও দলীয় অঙ্গনে আলোচনা চলছে। সভাপতি, সাধারণ সম্পাদক পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন যুগ্ম আহ্বায়ক, সাবেক প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মোস্তাফিজুর রহমান রুমী, ২নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শাহরিয়ার হোসেন, ৩নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) সাখাওয়াতুল ইসলাম খান পরাগ। এর বাইরে সিনিয়র যুগ্ম আহবায়ক জাফর আহমেদ ও যুগ্ম আহবায়ক মাহামুদুল হাসান খান, রবিউল আউয়াল, রফিকুল ইসলাম, সুমন সরদার ও রাসেল মিয়ার নামও শোনা যাচ্ছে।

দলীয় সূত্র বলছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নতুন নেতৃত্বকে ঘিরে নেতাকর্মীদের মাঝে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় উঠে আসা সংগঠনটির তিন নেতা মো. শাহরিয়ার হোসেন, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ ও মোস্তাফিজুর রহমান (রুমি)- ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের কারণে সুপার টু-তে চলে আসতে পারেন।

পটুয়াখালী জেলার জন্ম নেওয়া রুমি ছাত্রদলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে একাধিকবার গ্রেফতার ও কারাভোগ করেছেন বলে জানা যায়। ২০১১ সালে সূত্রাপুর থানা, ২০১৪ সালে কেরানীগঞ্জ দক্ষিণ ইকুরিয়া থানা এবং ২০১৮ সালে প্রেস ক্লাব এলাকায় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের দিন দলীয় কর্মসূচি বাস্তবায়নের সময় এবং ২০২১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর কর্মসূচি পালন করতে গিয়ে তাকে আবারও গ্রেফতার করা হয়। সর্বশেষ ২০২১ সালের ২৩ আগস্ট তাকে ডিবি পুলিশ আটক করে বিভিন্ন মামলায় কারাগারে পাঠানো হয়। পরে প্রায় ৪৭ দিন কারাভোগ শেষে একই বছরের ৮ অক্টোবর তিনি কারামুক্ত হন।

নারায়ণগঞ্জ জেলার কারাবরণকারী মেধাবী ছাত্রনেতা রবিউল আউয়াল শিক্ষার্থীদের মাঝে আলোচনায় রয়েছেন। ছাত্ররাজনীতির শুরু থেকেই আপসহীন ভূমিকা রাখার কারণে ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে একাধিকবার হামলার শিকার হয়েছেন রবিউল। তার বিরুদ্ধে পল্টন মডেল থানা এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় দুটি মামলা রয়েছে। পল্টন মডেল থানার একটি মামলায় গ্রেফতার হয়ে তিনি ৭ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান। শিক্ষার্থী ও ছাত্রনেতাদের মতে, রবিউলের মতো ক্লিন ইমেজের নেতা বর্তমান সময়ে শিক্ষার্থীদের কল্যাণে প্রয়োজন। তাকে শীর্ষ নেতৃত্বে আনা হলে সংগঠন আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।

শরীয়তপুর জেলার সখিপুর থানার বাসিন্দা শাহরিয়ার দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থেকে সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচিতে ভূমিকা রাখছেন বলে সংগঠনের নেতাকর্মীরা জানান। ফ্যাসিস্ট আমলে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাভোগ করেন। ঢাকা কলেজ এইচএসসি অধ্যয়নকালীন সময় থেকে ঢাকার রাজনীতিতে পরিচিত মুখ শাহরিয়ার।

ক্যাম্পাসে শিক্ষার্থীদের কল্যাণে নানা উন্নয়নমূলক কাজ করার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। জুলাই আন্দোলনে তিনি সংক্রিয়ভাবে অংশ নেন এবং সামনে থেকে নেতৃত্ব দেন।

ময়মনসিংহ জেলার সন্তান পরাগ মানবিক, সৃজনশীল এবং পরিচ্ছন্ন ছাত্রনেতা হিসেবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। ক্যাম্পাসে ও আন্দোলন সংগ্রামে বারবার ছাত্রলীগ ও পুলিশের হাতে নির্যাতিত হয়েছেন তিনি। সাহসী ছাত্রনেতা হিসেবে পরিচিত পরাগ অনেকদিন যাবত আছেন নেতৃত্বের আলোচনায়।

কেন্দ্রীয় ছাত্রদলসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ অনেক আগে শেষ হয়েছে। ফলে যে কোনো সময় সংগঠনটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

টিএইচকিউ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।