জবিতে ছাদের পলেস্তারা খসে ২ শিক্ষার্থী আহত, শিক্ষার্থীদের বিক্ষোভ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের সেমিনার কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তারা হলেন- গণিত বিভাগের ২০তম ব্যাচের তানভীর নেওয়াজ ফাহিম ও মাহফুজুর রহমান।
বুধবার (১ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে এবং ভবন সংস্কারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সেমিনার কক্ষে হঠাৎ ছাদের পলেস্তারার বড় একটি অংশ শিক্ষার্থীদের ওপর খসে পড়ে। এতে দুই শিক্ষার্থী গুরুতর আঘাত পান। তাদের তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা গণিত বিভাগের সামনে থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টি প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় শিক্ষার্থীদের ‘বিল্ডিং ভেঙে পড়ে প্রশাসন কী করে?’, ‘ক্যাম্পাস সংস্কার কবে হবে প্রশাসন?’ স্লোগান দিতে দেখা যায়। সমাবেশে শিক্ষার্থীরা অতিদ্রুত ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষিত ভবনগুলো সংস্কারেরর দাবি জানান।

জকসু এজিএস মাসুদ রানা বলেন, ‘আমাদের ছোট ভাইদের ওপর পলেস্তারা পড়ে তারা মারাত্মক আহত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসন নেই, মেসে থেকে শিক্ষার্থীরা নানা কষ্টে পড়ালেখা করে। এরপরও ক্যাম্পাসে এসে যদি জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করতে হয়, তবে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।’
তিনি আরও অভিযোগ করেন, ‘এর আগেও এমন ঘটনা ঘটেছে। প্রশাসন তদন্ত কমিটি করে, ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা করায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। সংস্কারের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখি না। অবিলম্বে ভবনগুলো সংস্কার করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করুন।’
জকসু এজিএস বলেন, ‘আমাদের মাননীয় উপাচার্য স্যার অবশ্যই বিষয়টি দেখবেন এবং অতিদ্রুত যে ভবনগুলো ঝুঁকিপূর্ণ এবং ইতিপূর্বে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, প্রয়োজনে সেই বিল্ডিংগুলো আবার নতুন করে সংস্কার করতে হবে।’
টিএইচকিউ/বিএ