কোটি টাকা প্রতারণার অভিযোগে ঢাবি ছাত্রদল নেতা আটক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাবি
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ০৪ এপ্রিল ২০২৬
মাহি চৌধুরী/ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহাম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মাহি চৌধুরীকে কোটি টাকা প্রতারণার অভিযোগে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর উত্তর ইব্রাহিমপুরে মাহিকে আটক করেন কয়েকজন ভুক্তভোগী।

ভুক্তভোগীরা জানান, মাহি নিজেকে ক্যাটফুড ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেনে জড়ান। তিনি জানান যে তার ২০ থেকে ২২টি দোকান রয়েছে এবং তিনি বড় পরিসরে ব্যবসা পরিচালনা করেন।

আশিকুজ্জামান মোল্লা নামের এক ভুক্তভোগী বলেন, ‘আমরা তাকে আরও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে আটক করি। পরে জানতে পারি, আমাদের মতো আরও অনেকেই তার প্রতারণার শিকার হয়েছেন।’

হিমেল নামের আরেক ভুক্তভোগী জানান, মাহি তার কাছ থেকে ৪০ লাখ টাকা নেন। কিছু ফেরত দিলেও এখনো ৩৪ লাখ ৫০ হাজার টাকা পাওনা রয়েছে।

অভিযোগ আছে, একই কৌশলে ঢাবির একাধিক শিক্ষার্থীসহ আরও অনেকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন মাহি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসাইন বলেন, মাহির বিরুদ্ধে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা তার অবস্থান নিশ্চিত করলে পুলিশ তাকে আটক করে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

এ বিষয়ে ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি তামি বলেন, ‘আমরা মাহির এসব বিষয়ে আগে থেকেই ব্যবস্থা নিতে চাচ্ছিলাম। তার বিরুদ্ধে অভিযোগ আসছিল। দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেব এবং প্রয়োজন হলে আইনি সহায়তাও দেব।’

মাহি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি স্টাডিজের শিক্ষার্থী।

এফএআর/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।