ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী ‘বাংলাদেশ ইকোনমিকস সামিট’ শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিকস স্টাডি সেন্টারের উদ্যোগে ৭ম বাংলাদেশ ইকোনমিকস সামিট শুরু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ সামিট শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এই সম্মেলন উদ্বোধন করেন। সাউথ ইস্ট ব্যাংকের সহযোগিতায় এই সামিট আয়োজন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান, সাউথ ইস্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুস সবুর খান এবং ইকোনমিকস স্টাডি সেন্টারের সভাপতি অনির্বাণ ঘোষ বক্তব্য দেন।
অনুষ্ঠানে ইকোনমিকস স্টাডি সেন্টার থেকে প্রকাশিত দুইটি জার্নালের মোড়ক উন্মোচন করা হয়। তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফনান ওসমান ও জান্নাতুল ফেরদৌস অনুষ্ঠান সঞ্চালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইকোনমিকস সামিট আয়োজনের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের গবেষণা জার্নাল প্রকাশ ও একাডেমিক উপস্থাপনা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে এধরনের গবেষণাধর্মী ও সৃজনশীল কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। শিক্ষার্থীদের সৃজনশীলতা সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ে প্রাপ্ত সুযোগ-সুবিধা যথাযথভাবে কাজে লাগিয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনদিনব্যাপী এই সামিটে এলডিসি উত্তরণ, শ্রম, শিক্ষা ও উদ্যোক্তা, জ্বালানি ও পরিবেশবান্ধব কর্মসংস্থান নিয়ে তিনটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। সিপিডির সিনিয়র ফেলো, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষকসহ দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞগণ প্যানেল আলোচনায় অংশগ্রহণ করবেন।
এফএআর/এমএমএআর