গবেষণায় বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন জাবি অধ্যাপক মিজানুর রহমান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান ‘আবু জাফর শামসুদ্দীন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট’ এর বিশেষ সম্মাননা পুরস্কার লাভ করেছেন। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষকদের মধ্যে ২০২৫ সালে সর্বোচ্চসংখ্যক গবেষণা প্রকাশনার জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সমাজবিজ্ঞান অনুষদের ডিন অফিসে বেলা ১১টায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে মিজানুর রহমানের হাতে এ সম্মাননা স্মারক ও অর্থের চেক তুলে দেওয়া হয়।
সম্মাননা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষকদের হালনাগাদ করা গবেষণাসংক্রান্ত তথ্যের ওপর ভিত্তি করে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে ট্রাস্টের প্রবর্তনকারী এবং বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক দারা শামসুদ্দীন বলেন, ২০০১ সাল থেকে এই ট্রাস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান এবং কলা ও মানবিকী অনুষদের শিক্ষকদের মধ্যে পালাক্রমে সর্বাধিক মানসম্পন্ন গবেষণা-প্রকাশনার জন্য পুরস্কার প্রদান করে আসছে।
তিনি আরও জানান, কলা ও মানবিকী অনুষদের এবং সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষকদের গবেষণা ও প্রকাশনায় উৎসাহ জোগাতে এ পুরস্কার চালু করা হয়। পুরস্কার নির্ধারণে গবেষণা-প্রকাশনার সংখ্যাগত মাপকাঠি ব্যবহার করা হয় এবং প্রতি বছরের ৩১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সংরক্ষিত তথ্য বিশ্লেষণের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়।
মো. রকিব হাসান প্রান্ত/এমএন/এমএস