নিরাপত্তাহীন বেরোবির পরিবহন শেড, থামছেই না চুরির ঘটনা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিবহন পুলের শেডে বারবার চুরির ঘটনা ঘটেছে।ফলে পরিবহন পুলের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয় পরিবহন পুল সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের শেড থেকে বাসের কিছু পুরাতন টায়ার চুরি হয়েছে। তবে চুরি হওয়া টায়ারের সংখ্যা জানা নেই। গত ২০২৫ সালের ৯ ডিসেম্বর পরিবহন শেড থেকে পানির একটি বৈদ্যুতিক মোটর চুরি হয়। এছাড়া এর আগে দুটি ব্যাটারি চুরি হয়েছে।
পরিবহন পুলের উপ-রেজিস্ট্রার মো. মোবাশ্বেররুল ইসলাম বলেন, গত ২৭ এপ্রিল আমাকে একজন ড্রাইভার কিছু পুরাতন টায়ার চুরি হওয়ার কথা বলেছেন। টায়ারগুলো দায়িত্ব নেওয়ার আগে রাখা হয়েছিল এবং সেগুলো স্টোরের অধীনে ছিল। তাই আমরা চুরি হওয়া টায়ারের ঠিক সংখ্যা বলতে পারতেছি না। তবে শেডের পিছনের এলাকায় একটি টায়ার সীমানা প্রাচীরের সঙ্গে ঝোলানো অবস্থায় পেয়েছি।
বেরোবি পরিবহন পুল পরিচালক মো. মাসুদ রানা বলেন, চুরির ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনাস্থলে একটি পুরাতন টায়ার ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে চুরির কাজে এটি ব্যবহার করা হয়েছে। পরিবহন শেড এলাকাটি অরক্ষিত হওয়ায় চুরির ঘটনা ঘটছে।
তিনি বলেন, এলাকাটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রয়োজন রয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। তবে চলতি অর্থবছরে বাজেট সংকটের কারণে তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। আগামী অর্থবছরে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। তদন্ত কমিটি গঠন করা হলে বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।
গত ডিসেম্বর মাসে মোটর চুরির ঘটনার বিষয়ে জানতে চাইলে মো. মাসুদ রানা জাগো নিউজকে বলেন, আগের রেজিস্ট্রারের আমলে একটি তদন্তি কমিটি গঠন করা হয়েছিল এবং তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত তথ্য জানা যাবে।
আজিজুর রহমান/এনএইচআর/এএসএম