কুবি শিক্ষক সমিতির ক্লাস বর্জন


প্রকাশিত: ১১:০৫ এএম, ১৯ জানুয়ারি ২০১৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষকের বাসায় দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করেছেন কুবির শিক্ষক সমিতি। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি পালন করেন তারা।

গতকাল বুধবার ভোরে কুবির সালমানপুর এলাকায় জাদুঘরের পেছনের একটি বাসায় হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ তারিক হোসেনের বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ওই শিক্ষককে কুপিয়ে আহত করা হয়।

এ ঘটনায় শিক্ষকদের নিরাপত্তা চেয়ে বুধবার বিকেলে পুলিশ সুপার, সদর দক্ষিণ মডেল থানা ও স্থানীয় পুলিশ ফাঁড়িতে লিখিত আবেদন জানায় কুবির রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদার। সেই সঙ্গে শিক্ষক সমিতির সভায় বৃহস্পতিবার ক্লাস বর্জনের ঘোষণা দেয়া হয়।  মুঠো ফোনে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন কুবির নিরাপত্তা কর্মকর্তা মো. মোশাররফ হোসেন ভূইয়া।

কুবির প্রক্টর ড. কাজী কামাল উদ্দিন বলেন, কুবির শিক্ষকদের জন্য আবাসিক ব্যবস্থা না থাকায় বাইরে অবস্থান করার কারণে তাদেরকে চরম নিরাপত্তাহীনতায় বসবাস করতে হচ্ছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে পুলিশ প্রশাসনকে লিখিতভাবে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।