কামারুজ্জামানের ফাঁসিতে ঢাবিতে আনন্দের ঢল


প্রকাশিত: ০৪:৪৩ এএম, ১২ এপ্রিল ২০১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করায় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন আনন্দের জোয়ার বয়ে চলেছে। হলে হলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

শনিবার রাত ১০টা ৩১ মিনিটে কেন্দ্রীয় কারাগারে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হয়।

রাত সাড়ে ৯টা থেকেই বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন হলের সামনে, টিএসসিসহ নিজ নিজ অবস্থানে গভীর আগ্রহে একত্র হতে থাকেন। পরবর্তীতে ফাঁসির সংবাদ শোনার পরপরই অবস্থানরত কর্মীরা জয় বাংলা শ্লোগান দিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। তারা কয়েকজন মিলেই নিজ নিজ অবস্থান থেকে আনন্দ মিছিল বের করেন।

এ ব্যাপারে উল্লসিত ঢাবির ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান হাসান বলেন, আজকের এই রায়ের মাধ্যমে জাতি কিছুটা হলেও কলঙ্কমুক্ত হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় পরিবেশবিষয়ক সম্পাদক সাইফুর রহমান সোহাগ বলেন, একাত্তরের ঘাতক কামারুজ্জামানের মৃত্যুদণ্ড হওয়াতে আমরা খুবই আনন্দিত। শুধু আমরা না, আমি মনে করি বাংলার ১৬ কোটি জনগণ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চায়। আর এটা যত দ্রুত করা হবে ততই জাতির জন্য মঙ্গলজনক বলে আমি মনে করি। আজকে আমাদের অনেকে আনন্দ মিছিল করেছেন, আমরা রোববার মিষ্টি বিতরণ করব।

এমজেড/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।