রাজনৈতিক দল জেডিপির সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রমঞ্চ’র আত্মপ্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাবি
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০২ মে ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনের সামনে সংবাদ সম্মেলন/ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় ছাত্রমঞ্চ’ নামের একটি সংগঠন।

শিক্ষার্থীদের অধিকার, বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থানমুখী শিক্ষার দাবিতে নতুন এ ছাত্রসংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে জেডিপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল আলিম জাতীয় ছাত্রমঞ্চের ৪৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।

আব্দুল আলিম জানান, প্রজ্ঞা, সংগ্রাম ও সমৃদ্ধির মূলনীতি ধারণ করে বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। দেশের শিক্ষার্থীদের অধিকার, আত্মমর্যাদা ও সামাজিক গণতন্ত্রের আদর্শ বাস্তবায়নে নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তুলতে কাজ করবে জাতীয় ছাত্রমঞ্চ।

সংগঠনের ঘোষণাপত্রে বলা হয়, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন, ২০১৫ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী আন্দোলন, ২০১৮ সালের নিরাপদ সড়ক ও কোটা সংস্কার আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ শিক্ষার্থীদের সব লড়াই-সংগ্রামের আকাঙ্ক্ষা ধারণ করে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নিরাপদ, শিক্ষার্থীবান্ধব, উৎপাদনমুখী ও কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিত করাই জাতীয় ছাত্রমঞ্চের লক্ষ্য।

সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম ও পদবি প্রকাশ করা হয়। এতে প্রধান সমন্বয়কারী হিসেবে ঢাবির শাহ জামাল সায়েম, আহ্বায়ক হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ের স্মৃতি পাটোয়ারী, সদস্যসচিব হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহনাফ আতিফ, প্রধান সংগঠক হিসেবে ঢাকা কলেজের সালমান শরীফ ও মুখপাত্র হিসেবে ঢাবির তাহসিন নাভিদ নির্ণয়ের নাম ঘোষণা করা হয়।

এছাড়া জিহাদ আরাফাত ও জহির উদ্দীন বাবর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, সৈয়দ মাশরুর জিসান ও আফিফা আরনাজ এলমু জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব এবং মো. নাঈম হোসেন ও আঞ্জুমান আরা স্বপ্না যুগ্ম প্রধান সংগঠক হিসেবে থাকছেন।

নতুন এই ছাত্রসংগঠনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আগ্রহী শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।

এফএআর/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।