প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ভারত-চীনের মধ্যে ফুটবল হবো না, তবে ফেয়ার প্লে নিশ্চিতে রেফারি হতে পারি
বর্তমান সরকার জাতীয় স্বার্থ, ভারসাম্য ও বাস্তবমুখিতার ভিত্তিতে ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতি অনুসরণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রধান শক্তিগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখা হবে জানিয়ে তিনি বলেন, আমরা ভারত ও চীনের মধ্যে কোনো ফুটবল হবো না। তবে ফেয়ার প্লে নিশ্চিত করতে আমরা মাঝে মাঝে রেফারি হতে পারি।
শনিবার (৯ মে) ‘বাংলাদেশ ফার্স্ট: এ ফরেন পলিসি আউটলুক ফর এ নিউ বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস)।
কূটনীতিক, শিক্ষাবিদ ও নীতি বিশেষজ্ঞদের বিভিন্ন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, সরকার কোনো একক দেশের ওপর নির্ভরশীলতা এড়িয়ে চলবে। এর পরিবর্তে একটি ‘নমনীয় ও বহুমুখী’ কূটনৈতিক পন্থা অনুসরণ করা হবে।
আরও পড়ুন
ভারতের পরেই চীন সফর, ভারসাম্য কূটনীতিতে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলী যাত্রা
পশ্চিমবঙ্গে গেরুয়া উত্থান: বাংলাদেশের জন্য সুযোগ, না নতুন চাপ?
ঢাকা, বেইজিং ও নয়াদিল্লির মধ্যকার সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি আবারও বলেন, আমরা ভারত ও চীনের মধ্যে কোনো ফুটবল হবো না। ফেয়ার প্লে নিশ্চিত করতে আমরা মাঝে মাঝে রেফারি হতে পারি, কিন্তু আমরা ফুটবল হবো না।
চীনকে বাংলাদেশের জন্য একটি ‘গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী’ হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা জানান, তার সাম্প্রতিক বেইজিং সফর ছিল খুবই ইতিবাচক। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ভারত এবং অন্যান্য সব পরাশক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ।
হুমায়ুন কবির আরও বলেন, ওয়াশিংটন, বেইজিং বা দিল্লি— সবার সঙ্গেই আমাদের ভারসাম্যপূর্ণ সম্পর্ক থাকবে।
নতুন সরকারের গণতান্ত্রিক বৈধতা আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে আলোচনার টেবিলে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে জানিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে আসা একটি বৈধভাবে নির্বাচিত সরকার। এটি আমাদের আলোচনার ক্ষেত্রে শক্তিশালী অবস্থানে রাখে।
কেএইচ/কেএসআর