রাবিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রকৌশল অনুষদের উদ্যোগে ‘ম্যাটেরিয়ালস, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং (এমইআইই)’ বিষয়ে প্রথম বারের মতো আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দু’দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, রাবির প্রকৌশল অনুষদ এর উদ্যোগে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন এই প্রথমবার। বিভিন্ন প্রযুক্তিগত ও প্রকৌশলী জ্ঞানের ক্ষেত্রে এ অনুষদ তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছে। আর এ ধরনের আন্তর্জাতিক মানের সেশন অনুষদের বিজ্ঞানমূলক কার্যক্রমকে গতিশীল করে তুলবে।
এছাড়াও রাবির প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক আবু বকর মো. ইসমাইল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রফিকুল আলম বেগ।
দুই দিনব্যাপী এই সম্মেলনের প্রথম অধিবেশন শুক্রবার বেলা ১১টায় শুরু হয়। বাংলাদেশ ছাড়াও অন্যান্য ৮টি দেশের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সায়েন্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল এবং সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবী বিশেষজ্ঞগণ অংশ নেন।
রাশেদ রিন্টুু/এসএইচএস/পিআর