ডুয়েটে ভাঙচুর : ৮ শিক্ষার্থী বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৭

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ভাঙচুরের ঘটনায় আট শিক্ষার্থীকে বহিষ্কার ও জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ সংক্রান্ত নোটিশ ডুয়েটের নোটিশ বোর্ডে টানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ কামরুজ্জামান জানান, ডুয়েটের পরীক্ষা পেছানোর দাবিতে গত ৩১ অক্টোবর রাতে ক্যাম্পাসের অফিস ও শিক্ষকদের আবাসিক এলাকায় ভাঙচুর করা হয়।

এ ঘটনার পরদিন ঘটনা তদন্তে ডুয়েটের ডিন অধ্যাপক আবু নঈম শেখকে প্রধান করে সাত সদস্যের এক কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত শেষে বুধবার তাদের রিপোর্ট দেয়। ওই দিনই ডুয়েটের ভিসি প্রফেসর ড. আলাউদ্দিনের সভাপতিত্বে ডুয়েটের বোর্ড অফ ডিসিপ্লিনের সভা অনুষ্ঠিত হয়। সভায় এ ঘটনায় অভিযুক্ত আট শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম ও হল থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং জরিমানা করা হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন- সিএসই দ্বিতীয় বর্ষ প্রথম পর্বের সুমন মিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষ প্রথম পর্বের তুষার চন্দ্র বর্মন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষ প্রথম পর্বের হুমায়ুন কবির রাজু, সিএসই তৃতীয় বর্ষ প্রথম পর্বের রুহুল আমিন, সিভিল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষ প্রথম পর্বের মো. সোলায়মান রাজন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষ প্রথম পর্বের মো. রবিউল ইসলাম, ইলেকট্রিক্যার অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষ প্রথম পর্বের মো. সাদ্দাম হোসেন ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষ প্রথম পর্বের আব্দুর রহমান।

এছাড়া সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম পর্বের সুমন মিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম পর্বের তুষার চন্দ্র বর্মন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম পর্বের হুমায়ুন কবির রাজু, তাদের প্রত্যেককে দুই বছরের জন্য একাডেমিক কার্যক্রম ও হল থেকে আজীবন বহিষ্কার এবং তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

মোঃ আমিনুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।