বেরোবিতে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের বাধা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেরোবি
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ০৪ জুলাই ২০১৮

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচিতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় অ্যাকাডেমিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীরা বুধবার ক্লাস বর্জন করে দ্রুত কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি ও আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে। বেলা সাড়ে ১১টার দিকে মানববন্ধন শুরুর কিছু পরেই বেরোবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদ উল ইসলাম জয়, সাবেক গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক হাসানুজ্জামান শশী, শহীদ মুখতার ইলাহী হলের সভাপতি হাসান আলীর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা মানববন্ধনে বাধা দেন। ছাত্রলীগের বাধার কারণে শিক্ষার্থীরা মানববন্ধন করতে পারেননি।

শিক্ষার্থীরা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে যৌক্তিক দাবিতে মানববন্ধন করছিলাম। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেয়ায় আমরা সরে আসতে বাধ্য হই।

তবে মানববন্ধনে বাধা দেয়ার বিষয়টি অস্বীকার করেছে বেরোবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদ উল ইসলাম জয় জাগো নিউজকে বলেন, আমরা তাদের সরে যেতে অনুরোধ করি। বাধা দেইনি।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) আবু কালাম মো. ফরিদ উল ইসলাম বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্পাসে মানববন্ধন করতে নিষেধ করা হয়েছে। তবে ছাত্রলীগ নেতাকর্মীদের বাধা দেয়ার বিষয়ে তিনি জানেন না বলে জানান।

সজীব হোসাইন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।