জবির সব ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থার দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ০৮ এপ্রিল ২০১৯

ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল ভবনে অগ্নিনির্বাপণের ব্যবস্থার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার জবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি প্রসেনজিৎ সরকার ও সাধারণ সম্পাদক অনিমেষ রায় এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, রাজধানীর বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে উদ্ধার কাজে সোহেল রানা যে বীরত্বের প্রমাণ রেখেছেন, মানুষের কাছে তা অনুপ্রেরণার হয়ে থাকবে। তারা দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে রাজধানীতে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

সংগঠনটির নেতারা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাসের অবস্থান অত্যন্ত জনবহুল এলাকাতে। প্রায় ২১ হাজার শিক্ষার্থীর নিয়মিত যাতায়াতে মুখরিত ক্যাম্পাস প্রাঙ্গণ।

কিন্তু দুঃখের বিষয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের মোট ৯টি ভবনের জন্য ১১টি মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার, সেখানে ইমারজেন্সি এক্সিট বা ওয়াটার হাইড্রেন্টের কথা বলাই বাহুল্য। এর মধ্যে নতুন ভবন ও ছাত্রী হল বহুতলবিশিষ্ট হওয়ায়, সেখানে ঝুঁকির মাত্রা বেশি।

এ অবস্থায় অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত যে কোনো অগ্নিকাণ্ড প্রতিরোধে অগ্নিনির্বাপক, গ্যাস সিলিন্ডার, ওয়াটার হাইড্রেন্ট ও ইমারজেন্সি এক্সিটসহ পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান সংগঠনটির নেতারা। অন্যথায় ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ইমরান খান/এমএসএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।