বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে ভিসি নাসিরের কুশপুত্তলিকা দাহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য (ভিসি) খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।

শুক্রবার আন্দোলনের নবম দিনে ভিসি নাসির উদ্দিনের কুশপুত্তলিকা দাহ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে ক্যাম্পাসের জয় বাংলা চত্বরে এ কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় ভিসি অপসারণের একদফা দাবিতে নানা স্লোগান দিতে থাকেন তারা।

এছাড়াও আজ বিকেল ৫টায় ভিসিকে লাল কার্ড প্রদর্শন এবং রাত ৮টায় মশাল মিছিল বের করা হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

তারা আরও জানায়, ভিসির পদত্যাগ বা অপসারণ হলেই কেবল তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবে, অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িকভাবে বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে জিনিয়ার বহিষ্কারাদেশ তুলে নেয়াসহ আরও কয়েকটি দাবি কর্তৃপক্ষ মেনে নিলেও গত ১৯ সেপ্টেম্বর উপাচার্যের পদত্যাগের দাবিতে অন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত শনিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। নির্দেশ উপেক্ষা করে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যায়। এ অবস্থায় ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গোবরা এলাকায় আন্দোলনরত শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা করে বহিরাগতরা। এতে ২০ শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ওইদিন দুপুরে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হুমায়ুন কবির। এরপর গত দুইদিনে আরও দুইজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন।

এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।