ইবির কলা অনুষদের ডিন হলেন ড. রাশিদ আসকারী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ৩০ এপ্রিল ২০২১

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। আগামী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদের ডিন হিসেবে মেয়াদ শেষ হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশােধিত আইন ২০১০) এর ২৩ (৪) ধারা অনুযায়ী সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীকে দায়িত্ব দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। শুক্রবার থেকে তিনি পরবর্তী দুই বছর দায়িত্ব পালন করবেন।

ডিন হিসেবে দায়িত্ব পাওয়ার পর শুক্রবার এ পদে যোগদান করেছেন বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন ড. হারুন-উর-রশিদ আসকারী।

তিনি বলেন, ‘আমি আগেই চিঠি পেয়েছি। নির্দেশনা অনুযায়ী আজ থেকে নিয়োগ কার্যকর হয়েছে এবং আজ থেকেই দায়িত্ব গ্রহণ করেছি। আমার কাছে যে দায়িত্ব এসেছে তা আমি সততা, নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে পালন করব। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’

রায়হান মাহবুব/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।