সহপাঠীর মায়ের মুক্তি দাবি ঢাবি শিক্ষার্থীদের


প্রকাশিত: ০২:২৫ পিএম, ০৭ এপ্রিল ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সাখাওয়াত আল আমিনের মায়ের নিঃশর্ত মুক্তি ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনের আয়োজন করে ‘মুকসুদপুর উপজেলা ছাত্র সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়’। এর আগে গত শনিবার একই দাবিতে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

মানববন্ধনে বক্তৃতাকালে আয়োজক সংগঠনের সভাপতি এবং ঢাবির কবি জসীম উদ্দীন হল ছাত্রলীগের যুগ্ম সম্পাদক খন্দকার রবিউল ইসলাম রবি বলেন, আমরা জানতে পেরেছি নিজ বাড়ি থেকে সাখাওয়াত আল আমিনের ষাটোর্ধ বৃদ্ধা মাকে নির্যাতন করে তুলে নিয়ে যায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানা পুলিশ। ধরে নেওয়ার ৮ ঘণ্টা পর দায়ের হওয়া একটি হয়রানিমূলক হত্যা মামলায় তাকে আসামি করে আদালতে প্রেরণ করা হয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তার মায়ের নিঃশর্ত মুক্তি এবং হয়রানিমূলক এ মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পাশাপাশি সাখাওয়াত আল আমিনের পরিবারসহ অন্যদের বাড়ি লুট হওয়ার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে দাবি জানাচ্ছি।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফ, অর্থ সম্পাদক সৈকত মণ্ডল মীর আরশাদুল হক, মাজহারুল কবির শয়ন প্রমুখ। এসময় ঢাবির বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এমএইচ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।