যশোরে নবনির্বাচিত ১৩০ জনপ্রতিনিধির শপথ গ্রহণ
যশোর সদর উপজেলার ১০টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানসহ ১৩০ জন সদস্যের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৩০ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ৯০ জন সাধারণ সদস্য। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২৮ ধারায় জেলা প্রশাসকের কার্যালয়ে বুধবার বেলা ১১টায় শপথ বাক্য পাঠ করানো হয়।
শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ডক্টর হুমায়ুন কবীর। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার যশোর কার্যালয়ের উপ-পরিচালক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসাদুল হক প্রমুখ।
চেয়ারম্যানদের মধ্যে শপথ বাক্য পাঠ করেন, হৈবৎপুর ইউনিয়নের সিরাজুল ইসলাম, লেবুতলা ইউনিয়নের আলীমুজ্জামান, ইছালী ইউনিয়নের এসএম আফজাল হোসেন, নওয়াপাড়া ইউনিয়নের নাছরিন সুলতানা, আরবপুর ইউনিয়নের শাহারুল ইসলাম, কচুয়া ইউনিয়নের লুৎফর রহমান ধাবক, রামনগর ইউনিয়নের নাজনীন নাহার, ফতেপুর ইউনিয়নের রবিউল ইসলাম (বিএনপি), ও নরেন্দ্রপুর ইউনিয়নের মোদাচ্ছের আলী।
এদিকে, শপথবাক্য পাঠ করার আগে স্থানীয় সরকার বিভাগের পরিপত্র মোতাবেক ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালনা বিষয়ক কর্মরত উদ্যোক্তাদের সঙ্গে নবনির্বাচিত চেয়ারম্যানদের চুক্তিনামা স্বাক্ষরিত হয়েছে। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গৃহীত এলজিএসপি প্রকল্পের কার্যক্রমের ভিডিও তথ্যচিত্র প্রদর্শিত হয়।
নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ সম্পন্ন হলেও নতুন পরিপত্র অনুযায়ী পূর্ববর্তী নির্বাচিতদের মেয়াদ শেষ হওয়ার পর তারা দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানিয়েছেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর।
প্রসঙ্গত, যশোর সদরের ১৫টি ইউনিয়নে নির্বাচন হলেও গেজেট না হওয়ায় এদিন ১০ ইউনিয়নের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। গেজেট প্রকাশিত হওয়ার পর বাকি ৫টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠিত হবে।
মিলন রহমান/এআরএ/এবিএস