আ.লীগ প্রার্থীর গাড়ি বহরে বোমা ও গুলি


প্রকাশিত: ০৪:১২ এএম, ২৬ মে ২০১৬

যশোরের বাঘারপাড়ার ভাটার আমতলায় আওয়ামী লীগ প্রার্থীর গাড়ি বহর লক্ষ্য করে বোমা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে গিয়াস উদ্দিন নামে এক যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত গিয়াস উদ্দিন বাঘারপাড়ার খাজুরা এলাকার রাজাপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী ভোলা জানান, রাতে তারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচার শেষে খাজুরা বাজারে ফিরছিলেন। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার আলোচনা ছিল।

পথিমধ্যে খাজুরা বাজারের কাছাকাছি ভাটার আমতলায় পৌঁছালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শওকত আলী মণ্ডলের লোকজন তার গাড়ি বহর লক্ষ্য করে বোমা হামলা করে। এসময় গুলিও বর্ষণ করে। এতে তিনটি গুলি গিয়াস উদ্দিনের বাম পায়ে লাগে।

তিনি আরও জানান, গিয়াস উদ্দিন প্রাইভেটকারে ছিলেন। বোমা বিস্ফোরণের পর তিনি গাড়ি থেকে নামার জন্য দরজা খুললে তাকে লক্ষ্য করে গুলি করা হয়।

বাঘারপাড়ার খাজুরা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদুর রহমান জানান, বোমা বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে সেটা পুলিশ নিশ্চিত হতে পারেনি।

মিলন রহমান/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।