রিমান্ড শেষে ফের কারাগারে মেয়র মান্নান
গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক রখাস্তকৃত মেয়র অধ্যাপক এমএ মান্নানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। কালিয়াকৈর থানার নাশকতার একটি মামলায় রিমান্ড শেষে রোববার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, নাশকতার মামলায় দুই দিনের রিমান্ড শেষে পুলিশ অধ্যাপক এমএ মান্নানকে দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা খানম শিল্পীর আদালতে হাজির করেন।
শুনানি শেষে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে উদ্দেশ্যে পাঠানো হয়।
এর আগে গত ৩১ মে গাজীপুরের গোয়েন্দা পুলিশ এক দিনের রিমান্ডের জন্য অধ্যাপক এম এ মান্নানকে কারাগার থেকে ডিবি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গাড়িতে অগ্নিসংযোগের মামলায় পুলিশ অধ্যাপক এমএ মান্নানকে গ্রেফতার করে। একই দিন টঙ্গী ও কালিয়াকৈর থানার নাশকতার পৃথক দুইটি মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়।
আমিনুল ইসলাম/এআরএ/পিআর