গাজীপুরে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ০৯ জুন ২০১৬

গাজীপুরে অপহরণের পর হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, গাজীপুরের কাপাসিয়া উপজেলার সালদৈ এলাকার আব্দুল হাই এর ছেলে আতাউর রহমান ওরফে আতা, একই এলাকার হাসিম উদ্দিনের ছেলে আলম হোসেন ও কফিল উদ্দিনের ছেলে মো. ইউসুফ (পলাতক)।

গাজীপুর জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মকবুল হোসেন জানান, গত ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর কাপাসিয়ার সালদৈ এলাকার মো. আব্দুল বাতেন বেপারীর ছেলে মো. গিয়াস উদ্দিনকে (১৫) উক্ত আসামিরা অপরহণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল বাতেন বেপারী বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন।

এদিকে দাবিকৃত মুক্তিপণ না পেয়ে আসামিরা গিয়াস উদ্দিনকে মেরে গুম করে রাখে। পরে পুলিশ মামলার এজাহারভূক্ত আসামি ইউসুফকে গ্রেফতার করা হলে তার স্বীকারোক্তি মোতাবেক তিন মাস পর কাপাসিয়ার মাধুলি বিল থেকে গিয়াস উদ্দিনের বস্তা বন্দী কংকাল উদ্ধার করা হয়।

দীর্ঘ শুনানীর পর ২০ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ওই তিন আসামির প্রত্যেককে পেনাল কোডের ৩০২ ধারায় মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ৩৮৭ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, ৩৬৫ ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং ২০১ ধারায় ৩ বছর সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।

এ মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় একই এলাকার জজ মিয়া ও তার স্ত্রী সমেজা খাতুন ওরফে বিলকিসকে খালাস প্রদান করা হয়।
 
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. মকবুল হোসেন। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সুষমা রাণী মন্ডল।
    
আমিনুল ইসলাম/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।